ফ্লিপ-স্টাইল ভাঁজযোগ্য আইফোন নিয়ে ভাবছে অ্যাপল
ভাঁজযোগ্য আইফোন নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন আরও একটি নতুন ধারণা নিয়ে কাজ করছে অ্যাপল। ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, কুপারটিনোভিত্তিক প্রতিষ্ঠানটি ‘স্কয়ার’ আকারের, ক্ল্যামশেল বা ফ্লিপ-স্টাইল ভাঁজযোগ্য আইফোন আনার সম্ভাবনা নিয়ে সক্রিয়ভাবে অনুসন্ধান চালাচ্ছে। অ্যাপলের অভ্যন্তরীণ গবেষণাগারেই এই ধারণা এখন বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। খবর জিএসএম এরিনা।
গারম্যানের প্রতিবেদনে সম্ভাব্য এই ‘আইফোন ফ্লিপ’-এর কোনো নির্দিষ্ট সময়সূচি বা প্রযুক্তিগত বিস্তারিত উল্লেখ করা হয়নি। তিনি স্পষ্ট করেছেন, প্রকল্পটি আদৌ বাজারে আসবে—এমন কোনো নিশ্চয়তাও নেই। অ্যাপল আগে বইয়ের মতো ভাঁজ করা ডিজাইনের ‘আইফোন ফোল্ড’ বাজারে এনে গ্রাহকদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে চাইবে।
এর আগে কয়েক বছর ধরেই ফ্লিপ-স্টাইল ভাঁজযোগ্য আইফোন নিয়ে গুজব শোনা যাচ্ছে। একাধিক প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যাপলের কাছে অন্তত দুটি প্রোটোটাইপ রয়েছে। এমনকি একসময় ধারণা ছিল, বইয়ের মতো ভাঁজযোগ্য মডেলের আগেই ফ্লিপ-স্টাইল আইফোন বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভাঁজযোগ্য ফোনের বাজারে প্রতিযোগিতা বাড়ায় অ্যাপল নতুন নকশা ও ফর্ম ফ্যাক্টর নিয়ে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে।
ডিবিটেক/বিএমটি



