চতুর্থ প্রান্তিকে ২৭ টন সোনা কিনেছে টেথার

চতুর্থ প্রান্তিকে ২৭ টন সোনা কিনেছে টেথার
২৭ জানুয়ারি, ২০২৬ ১৪:৫৭  

বিশ্বের সবচেয়ে বড় স্টেবলকয়েন ইস্যুকারী প্রতিষ্ঠান টেথার ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে প্রায় ২৭ মেট্রিক টন সোনা কিনেছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের হিসাবে, আগের প্রান্তিকেও টেথারের সোনা কেনার পরিমাণ ছিল প্রায় ২৬ টন—অর্থাৎ ক্রয়ধারা প্রায় অপরিবর্তিত রয়েছে। খবর রয়টার্স।

বিশ্ববাজারে সোনার দামে টানা ঊর্ধ্বগতি টেথারের এই বিনিয়োগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ১৮ শতাংশ বেড়েছে, আর ২০২৫ সালে মোট বৃদ্ধির হার ছিল ৬৪ শতাংশ। বিনিয়োগকারীদের চাহিদা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় এবং বৈশ্বিক উত্তেজনার কারণে সোনার দাম একের পর এক মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করেছে।

টেথারের রিজার্ভভিত্তিক স্থিতিশীল মুদ্রা ইউএসডিটি ও স্বর্ণসমর্থিত টোকেন এক্সএইউটি—এই দুই পণ্যের কারণে প্রতিষ্ঠানটি সোনার বড় ক্রেতায় পরিণত হয়েছে। বাজারে বর্তমানে প্রায় ১৮৭ বিলিয়ন ডলারের ইউএসডিটি প্রচলিত রয়েছে, আর এক্সএইউটির মূল্য প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন ডলার।

টেথারের প্রধান নির্বাহী পাওলো আরদোয়িনো বলেন, তাদের বিনিয়োগের পরিসর এখন অনেক রাষ্ট্রীয় সোনা ধারণকারী প্রতিষ্ঠানের সমপর্যায়ে পৌঁছেছে, যা বড় ধরনের দায়িত্বও তৈরি করছে।

ডিবিটেক/বিএমটি