চ্যাটজিপিটিতে চালু হচ্ছে বয়স শনাক্তকরণ
বিশ্বজুড়ে চ্যাটজিপিটিতে নতুন একটি বয়স শনাক্তকরণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে ওপেনএআই। এই প্রযুক্তির মাধ্যমে কোনো অ্যাকাউন্ট অপ্রাপ্তবয়স্কের কি না, তা আগেভাগেই অনুমান করা হবে। খবর রয়টার্স।
ওপেনএআই জানিয়েছে, যদি মডেলটি ধারণা করে যে কোনো ব্যবহারকারী ১৮ বছরের নিচে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা সক্রিয় হবে, যাতে সংবেদনশীল কনটেন্টে তাদের প্রবেশ সীমিত রাখা যায়।
ওপেনএআইয়ের ভাষ্য অনুযায়ী, ভুলবশত কেউ যদি অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত হন, তাহলে পরিচয় যাচাই সেবা ‘পারসোনা’র মাধ্যমে একটি সেলফি জমা দিয়ে পূর্ণ সুবিধা ফিরে পাওয়া যাবে। ইউরোপীয় ইউনিয়নে এই ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে চালু হবে।
এই উদ্যোগটি এসেছে এমন এক সময়ে, যখন ওপেনএআই ভবিষ্যতে যাচাইকৃত প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য ‘অ্যাডাল্ট মোড’ চালুর প্রস্তুতি নিচ্ছে। ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন প্রধান ফিদজি সিমো জানিয়েছেন, ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই এই সুবিধা আসতে পারে।
বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৮০ কোটি। দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই বয়স শনাক্তকরণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ওপেনএআই।
ডিবিটেক/বিএমটি







