মোবাইলে এক্সকে ছাড়িয়ে গেল থ্রেডস

মোবাইলে এক্সকে ছাড়িয়ে গেল থ্রেডস
১৯ জানুয়ারি, ২০২৬ ১৫:২৯  

মেটার সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস মোবাইলে অ্যাপটি ব্যবহারে ইলন মাস্কের মালিকানাধীন এক্সকে পেছনে ফেলেছে। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান সিমিলারওয়েবের সাম্প্রতিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর টেকক্রাঞ্চ।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ৭ জানুয়ারি পর্যন্ত আইওএস ও অ্যান্ড্রয়েডে থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী দাঁড়িয়েছে প্রায় ১৪ কোটি ১৫ লাখে। একই সময়ে এক্সের দৈনিক মোবাইল ব্যবহারকারী ছিল প্রায় ১২ কোটি ৫০ লাখ।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন কোনো সাম্প্রতিক বিতর্কের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়; বরং দীর্ঘমেয়াদি প্রবণতার ফল। যদিও এক্সকে ঘিরে গ্রোক নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বিতর্ক, এমনকি অপ্রাপ্তবয়স্কদের সংশ্লিষ্ট ভুয়া নগ্ন ছবি তৈরির অভিযোগ তদন্তের মুখে ফেলেছে প্ল্যাটফর্মটিকে।

থ্রেডসের উত্থানের পেছনে রয়েছে মেটার অন্য বড় প্ল্যাটফর্ম—ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে সমন্বিত প্রচার, নির্মাতাদের ওপর জোর এবং দ্রুত নতুন ফিচার যুক্ত করার কৌশল। গত এক বছরে আগ্রহভিত্তিক কমিউনিটি, উন্নত ফিল্টার, সরাসরি বার্তা, দীর্ঘ লেখা ও অস্থায়ী পোস্টের মতো সুবিধা যুক্ত হয়েছে থ্রেডসে।

তবে ওয়েব ব্যবহারে এখনও এগিয়ে এক্স। সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, প্রতিদিন ওয়েবে এক্সে প্রায় ১৪ কোটি ৫৪ লাখ ভিজিট হলেও থ্রেডসের সংখ্যা মাত্র ৮৫ লাখের কাছাকাছি। তবু মোবাইল ব্যবহারে ধারাবাহিক এই অগ্রগতি থ্রেডসকে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিযোগিতায় নতুন করে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে।

ডিবিটেক/বিএমটি