৭০ শতাংশ নারী ফেসবুকে প্রতিনিয়ত হ্যারেসম্যান্টের শিকার হচ্ছে : জাইমা

৭০ শতাংশ নারী ফেসবুকে প্রতিনিয়ত হ্যারেসম্যান্টের শিকার হচ্ছে : জাইমা
১৮ জানুয়ারি, ২০২৬ ২১:৪৮  

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বকে কেন্দ্র করে ১৮ জানুয়ারি, রবিবার ঢাকা’র ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো “উইমেন শেপিং দ্য নেশন: পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ” সংলাপ। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার অতিথি অংশগ্রহণ করেন যাদের মধ্যে ছিলেন বিভিন্ন সেক্টরের নারী নেত্রীবৃন্দ, পেশাজীবী, শিক্ষার্থী ও তরুণ-তরুণী। 

অনুষ্ঠানে প্রথমবারের মতো মঞ্চে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানগত ২৫ ডিসেম্বর বাবার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরার পর এটিই জনপরিসরে বা নীতিনির্ধারণী পর্যায়ে জাইমা রহমানের প্রথম বক্তব্য। বক্তব্যে দেশের অর্থনীতি ও জিডিপিতে নারীর অবদান দৃশ্যমান নয় জানিয়ে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা বলেন, ‘আমার মা একজন কার্ডিওলজিস্ট ও একজন গৃহিণী। তিনি একসঙ্গে দুটি জায়গাই সমানভাবে পরিচালনা করছেন। আমার দাদি বেগম খালেদা জিয়া একটি দলের নেতৃত্ব দিয়েছেন। নারী শিক্ষা এবং নারী স্বাস্থ্যের জন্য তিনি অনেক কাজ করেছেন। দেশে অর্থনীতি এবং জিডিপি বৃদ্ধিতে নারীদের অবদান দৃশ্যমান নয়।’

এসময় ৭০ শতাংশ নারী ফেসবুকে প্রতিনিয়ত হ্যারেসম্যান্টের শিকার হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। জাইমা রহমান বলেন, ‘আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষ জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

তিনি বলেন, ‘আমাদের সবার নিজের জায়গা থেকে দেশের জন্য করার অনেক কিছু আছে। আমার মা সরকারি হাসপাতালে চাকরির পাশাপাশি সমানভাবে সংসারে সমতা বিন্যাস করেছেন। নারী বৈষম্য দূর করতে আমার দাদি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন।’

ব্যারিস্টার জাইমা রহমান বলেন, ‘মেয়েদের আত্মবিশ্বাস তাদের ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান রাখে। লিঙ্গ বৈষম্য দূর করতে পারলে নারীরা জিডিপিতে খুব সহজে অবদান রাখতে পারে, যা উন্নত বিশ্বে দেখা যায়।’ 

খালেদা জিয়ার সঙ্গে ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘দাদি বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় নাইজেরিয়ার এক নার্স বাবাকে (তারেক রহমান) বাংলাদেশে নারী শিক্ষা, নারী স্বাস্থ্য এবং নারীদের অগ্রগতির জন্য তার (খালেদা জিয়ার) অবদানের কথা বলেছিলেন। নাইজেরিয়ায় নারীদের উন্নয়নে বেগম খালেদা জিয়ার প্রণীত পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলেন সেই নার্স।’

সংলাপটি বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত  হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দ্য ফ্রন্ট পেইজ। আয়োজন করে এই প্রতিষ্ঠানটির অঙ্গপ্রতিষ্ঠান 'রিচ আউট'।

সংলাপে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা, অর্থনৈতিক অংশগ্রহণ ও উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্বে অংশগ্রহণের পথ এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা কাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।  

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তামারা আবেদ, ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক এন্টারপ্রাইজেস; ড. ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি); রুপালি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড; এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক কাজী জেসিন।

ডিবিটেক/কেআইবি/এমইউএম