শাকসু নির্বাচনে প্রচারের সময় বাড়ানোর দাবি নাকচ

শাকসু নির্বাচনে প্রচারের সময় বাড়ানোর দাবি নাকচ
১৬ জানুয়ারি, ২০২৬ ২১:০০  

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনের প্রচার শেষ হচ্ছে শনিবার। মাঝখানে নির্বাচনি প্রচারে ব্যাঘাত ঘটায় প্রার্থীদের সময় বাড়ানোর দাবিকে নাকচ করে দিয়েছে শাকসু নির্বাচন কমিশন।

এ বিষয়ে শাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, “এখন নির্বাচনি ক্যাম্পেইনের সময় বাড়ানোর সুযোগ নেই। যেহেতু গতকালের ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনি আচরণবিধি মেনে শাকসু নির্বাচন আয়োজন করার জন্য। জাতীয় সংসদ নির্বাচন বিধিতেও বলা হয়েছে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে। তাই আমরা যদি সময় বাড়াই, তাহলে আরেকটা সমস্যা সৃষ্টি হবে। এজন্য ৪৮ ঘণ্টার মধ্যেই থাকতেছি।”

এর আগে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ১৪ জানুয়ারি, বুধবার দুপুর পর্যন্ত স্মারকলিপিতে প্রার্থীদের স্বাক্ষর গ্রহণ এবং ইসির কাছে নির্বাচনের দাবিতে রাতে স্মারকলিপি পাঠান প্রার্থীরা। সেখানে সোমবার নির্বাচন কমিশন-ইসির আদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে শাকসু নির্বাচন অনিশ্চয়তা তৈরির কারণে প্রার্থীরা তিন দিন ধরে স্বাভাবিক নির্বাচনি প্রচার করতে পারেননি বলে অভিযোগ তুলেন। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, তাদের প্রচারে কোনো দলীয় প্যানেলের সহায়তা নেই।

শাকসু নির্বাচনি তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে হিসাবে রোববার সকাল ৯টা শেষ সময়। কিন্তু আচরণবিধি অনুযায়ী, প্রার্থীদের শনিবার রাত ১০টার মধ্যে প্রচার শেষ করতে হবে এবং পরের দিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা প্রচার চালাতে পারবেন তারা।

ডিবিটেক/বিডিও/ইকে