শিশুদের শর্টস দেখা নিয়ন্ত্রণের সুযোগ আনল ইউটিউব
শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে নতুন অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে ইউটিউব। গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মটি জানিয়েছে, এখন থেকে অভিভাবকেরা চাইলে তাঁদের সন্তানের ইউটিউব শর্টস দেখার সময় সীমিত করতে কিংবা পুরোপুরি বন্ধ করে দিতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।
নতুন ব্যবস্থায় অভিভাবকেরা সংযুক্ত শিশু অ্যাকাউন্টের জন্য একটি টাইমার নির্ধারণ করতে পারবেন, যার মাধ্যমে শর্টস দেখার দৈনিক সময় বেঁধে দেওয়া যাবে। টিকটক বা ইনস্টাগ্রাম রিলসের মতো ছোট ভিডিওতে অতিরিক্ত সময় কাটানো কমাতেই এই উদ্যোগ। চাইলে সাময়িক বা স্থায়ীভাবে শর্টস দেখা বন্ধ রাখার সুযোগও থাকবে, যেমন পড়াশোনার সময় শুধু শিক্ষামূলক ভিডিও দেখার জন্য।
এ ছাড়া অভিভাবকেরা ‘বেডটাইম’ ও ‘টেক আ ব্রেক’ স্মরণবার্তা সেট করতে পারবেন, যা ভিডিও দেখা থামাতে ব্যবহারকারীকে উৎসাহ দেবে। এই সুবিধা প্রাপ্তবয়স্কদের জন্যও উন্মুক্ত থাকবে।
ইউটিউব জানিয়েছে, শিগগিরই অ্যাপে অ্যাকাউন্ট বদলের প্রক্রিয়া সহজ করা হবে, যাতে অভিভাবক ও শিশু সহজে নিজ নিজ অ্যাকাউন্টে যেতে পারেন। নতুন ফিচারগুলো কিশোরদের জন্য বিদ্যমান তত্ত্বাবধান ব্যবস্থারই সম্প্রসারণ, যা টিকটক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মেও চালু রয়েছে।
ডিবিটেক/বিএমটি







