২০২৫ সালে অ্যাপ ডাউনলোড কমলেও আয়ে রেকর্ড
টানা পঞ্চম বছরের মতো ২০২৫ সালে বিশ্বজুড়ে মোবাইল অ্যাপ ডাউনলোড কমেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে ভোক্তা ব্যয়ের ক্ষেত্রে। খবর টেকক্রাঞ্চ।
অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপফিগারসের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অ্যাপ স্টোর ও গুগল প্লে মিলিয়ে মোট ডাউনলোড দাঁড়িয়েছে প্রায় ১০৬.৯ বিলিয়নে, যা আগের বছরের তুলনায় ২.৭ শতাংশ কম। অথচ একই সময়ে অ্যাপে ভোক্তা ব্যয় বেড়ে পৌঁছেছে প্রায় ১৫৫.৮ বিলিয়ন ডলারে, যা এক বছরে ২১.৬ শতাংশ প্রবৃদ্ধি।
প্রতিবেদন অনুযায়ী, সাবস্ক্রিপশন ও ইন-অ্যাপ কেনাকাটার ওপর জোর দেওয়ায় ডেভেলপাররা কম ডাউনলোডের মধ্যেও বেশি আয় করতে পেরেছেন।
২০২৫ সালে মোবাইল গেম থেকে আয় হয়েছে ৭২.২ বিলিয়ন ডলার, যা মোট ব্যয়ের ৪৬ শতাংশ। তবে সবচেয়ে দ্রুত বেড়েছে নন-গেম অ্যাপের আয়—এক বছরে ৩৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ৮২.৬ বিলিয়ন ডলারে।
যুক্তরাষ্ট্রে অ্যাপ খাতে ভোক্তা ব্যয় বেড়ে হয়েছে ৫৫.৫ বিলিয়ন ডলার, যদিও ডাউনলোড কমেছে ৪.২ শতাংশ।
বিশ্লেষকদের মতে, সাবস্ক্রিপশনভিত্তিক মডেলই এখন অ্যাপ অর্থনীতির মূল চালিকাশক্তি।
ডিবিটেক/বিএমটি







