ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
৪ ডিসেম্বর, ২০২৫ ১৩:১৫  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করা হয়। 

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত।

এর আগে ৩ ডিসেম্বর সন্ধ্যায় তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানিয়েছিলেন প্রসিকিউটর তামিম। এরই ধারাবাহিকতায় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দেয় প্রসিকিউশন। তারও আগে ৮ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর কাফরুল থানায় সংক্ষুব্ধ এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইনে ১৯ জনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলায় তথ্য বিক্রির প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয়। মামলায় দেশ ও দেশের বাইরের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে তথ্য বিক্রি করা হয় উল্লেখ করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আসামি করা হয়। পলক বর্তমানে কারাগারে আটক আছেন। 

ডিবিটেক/বিটি/ইকে