এয়ার অ্যাম্বুলেন্সে মধ্যরাতের পর লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়া-কে

এয়ার অ্যাম্বুলেন্সে মধ্যরাতের পর লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়া-কে
৪ ডিসেম্বর, ২০২৫ ১৫:০৫  

চিকিৎসক ও লণ্ডনে থাকা পুত্র তারেক রহমানের সঙ্গে তিন দফা ভার্চুয়াল বৈঠক শেষে সেখানেই একটি হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে আজ মধ্যরাতের পর যে কোনো সময় যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-কে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। অপরদিকে তাকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা তিনটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী এবং আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে ‘সঙ্কটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে।  

ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসমম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ার লাইন্সেন্সের মাধ্যমে আজকে মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। সেখানে নির্ধারিত একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। দেশ ও দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই দল বা পরিবার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। এজন্য গতকাল তিনবার ভার্চুয়াল মিটিং হয়েছে। বিদেশী ডাক্তাররা ফিজিক্যালি উনাকে দেখেছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা সবার সঙ্গে আলোচনা করে আমরা এখন অনেক অনেক আশাবাদী। 

সূত্রমতে, যুক্তরাজ্য থেকে ঢাকায় আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ছাড়াও সফরে তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, চিকিৎসক আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসাইন, উপদেষ্টা ডঃ মোহাম্মাদ আনামুল হক চৌধুরী, চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমাদ, জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, এসএসএফ সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ শামী মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারি আব্দুল হাই মল্লিক, ব্যক্তিগত সহকারি সচিব মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা সিকদার সঙ্গে যাচ্ছেন।   

গত ১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র মতে, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল, সেটা কিছুটা উন্নতির দিকে। তবে হৃদ্‌যন্ত্রে জটিলতা রয়েছে। বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত।

ডিবিটেক/ইকে/ওআর