পুলিশের বিরুদ্ধে অভিযোগের ভিডিওটি ‘নাটকের শুটিং দৃশ্য’
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি এক আহত মানুষকে জঙ্গলের ভেতর টেনে নিয়ে যাচ্ছেন, পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন পুলিশ সদস্য তা দেখছেন, ভিডিও করছেন। ভিডিওটির সঙ্গে দাবি করা হচ্ছে, ‘এটা কোনো নাটক নয়, বর্তমান বাংলাদেশের নয়া বন্দোবস্ত। খুনিরা খুন করে লাশ জঙ্গলে টেনে নিয়ে যায়, পুলিশ দাঁড়িয়ে দেখে আর ভিডিও করে!’
ভিডিওটির ইমেজের রিভার্স সার্চ করে দেখা গেছে ‘পুলিশের প্রশ্রয়ে লাশ সরানো হচ্ছে’ দাবি করে সোশ্যাল হ্যান্ডেলে ছড়ানো ভিডিওটি বাস্তব নয়। এটি ‘ক্রাইম প্যাট্রোল বিডি’ নামে একটি সিরিজের শুটিংয়ের দৃশ্য। একই ভিডিও ‘Arman Raj’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৩১ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছিল।
ভিডিওটি পরে ৩১ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগ, মোহিত পাভেল, মোঃ আরিফ হোসেনসহ বেশ কিছু অ্যাকাউন্ট থেকে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়েছে। বিষয়টি অনুসন্ধান না করেই আরিফ সরকার, এম এ কাশেম চৌধুরী, ইসমাইল হোসেন টিটু, মহসিন মজুমদার, ইসমাইল হোসেন টিপুর মতো অনেকে এটিকে বাস্তব ঘটনা বলেই মনে করছেন।
যদিও ‘Arman Raj’-এর প্রোফাইলে দেখা যায়, তিনি পুলিশের পোশাকে একই চরিত্রে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন। অন্য একটি পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘আসামী ধরতে যাচ্ছি। ATN Bangla নিয়মিত ধারাবাহিক “ক্রাইম পেট্রল”-এর শুটিং স্পট থেকে।’ এ ছাড়া তার প্রোফাইলে পুলিশের পোশাকে নিজের সেলফি ভিডিওতেও তিনি উল্লেখ করেছেন, এটি ‘ক্রাইম প্যাট্রোল বিডি’-এর শুটিং স্পট।
‘ক্রাইম প্যাট্রোল বিডি’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে একই অভিনেতাকে বিভিন্ন পর্বে দেখা গেছে। পেজটির বায়োতে বলা হয়, ‘“ক্রাইম প্যাট্রোল বিডি” হলো “ক্রাইম প্যাট্রোল” সিরিজের একটি অফিশিয়াল পেজ, যা বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব অপরাধমূলক ঘটনাগুলোর ওপর ভিত্তি করে তৈরি। আমাদের লক্ষ্য হলো গ্রামীণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা।’
এ তথ্যগুলো থেকেই পরিষ্কার যে ভাইরাল ভিডিওটি কোনো বাস্তব অপরাধের দৃশ্য নয়; বরং নাটকের শুটিংয়ের ভিডিও, যা কেউ সেট থেকে ধারণ করে বিভ্রান্তিকর দাবি দিয়ে ছড়িয়ে দিয়েছে।







