মেমোরি চিপের কারণে স্মার্টফোনের খরচ বাড়ছে: শাওমি

মেমোরি চিপের কারণে স্মার্টফোনের খরচ বাড়ছে: শাওমি
২৫ অক্টোবর, ২০২৫ ১৮:০৬  

চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি জানিয়েছে, হঠাৎ বেড়ে যাওয়া মেমোরি চিপের দাম তাদের স্মার্টফোন উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে কোম্পানির প্রেসিডেন্ট লু ওয়েইবিং বলেন, “খরচের চাপ নতুন পণ্যের দামের ওপর সরাসরি প্রভাব ফেলছে। মেমোরি চিপের দাম প্রত্যাশার চেয়েও অনেক বেশি বেড়েছে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে।” খবর রয়টার্স।

বৃহস্পতিবার শাওমি তাদের নতুন রেডমি কে৯০ সিরিজ উন্মোচন করেছে। ১২ গিগাবাইট র‌্যাম ও ২৫৬ গিগাবাইট স্টোরেজযুক্ত বেস মডেলের দাম রাখা হয়েছে ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩৬৪ ডলার), যা গত বছরের রেডমি কে৮০–এর তুলনায় ১০০ ইউয়ান বেশি।

ভোক্তাদের অভিযোগ বিবেচনায় নিয়ে শাওমি জানিয়েছে, সর্বাধিক বিক্রিত ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম প্রথম এক মাসের জন্য ৩০০ ইউয়ান কমিয়ে ২,৮৯৯ ইউয়ান করা হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর চিপের চাহিদা বেড়ে যাওয়ায় স্মার্টফোন ও কম্পিউটারে ব্যবহৃত প্রচলিত এনএএনডি ও ডিআরএএম চিপের সরবরাহ কমে গেছে, ফলে স্যামসাং ও এসকে হাইনিক্স–এর মতো নির্মাতারা বিপুল মুনাফা অর্জন করছে।

ডিবিটেক/বিএমটি