বরখাস্ত চার টুইটার কর্মকর্তার সঙ্গে ১২৮ মিলিয়ন ডলারের মীমাংসায় ইলন মাস্ক

বরখাস্ত চার টুইটার কর্মকর্তার সঙ্গে ১২৮ মিলিয়ন ডলারের মীমাংসায় ইলন মাস্ক
৯ অক্টোবর, ২০২৫ ২০:০১  

বিলিয়নিয়ার ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর বরখাস্ত করা চারজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে ১২৮ মিলিয়ন ডলারের মামলায় সমঝোতায় পৌঁছেছেন। খবর টেকক্রাঞ্চ।

২০২২ সালে টুইটার কেনার পরপরই মাস্ক বরখাস্ত করেন কোম্পানির তৎকালীন প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল, অর্থ পরিচালক নেড সিগাল, এবং আইনজীবী শন এডজেট ও বিজয়া গাডেকে। তারা দাবি করেন, মাস্ক যখন ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যেতে চেয়েছিলেন, তখন তারা তাঁকে তা করতে বাধা দেন—এ কারণেই তাদের সেভারেন্স পেমেন্ট (চাকরিচ্যুতি ক্ষতিপূরণ) দেওয়া হয়নি।

মামলার নথিতে এমনকি লেখক ওয়াল্টার আইজ্যাকসনের জীবনীতে মাস্কের উদ্ধৃতিও উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি বলেন, তিনি টুইটারের শীর্ষ কর্মকর্তাদের “জীবনভর ভোগান্তিতে রাখবেন”।

আদালতের নথি অনুযায়ী, উভয় পক্ষই এখন সমঝোতায় পৌঁছেছে, যদিও মীমাংসার শর্তগুলো প্রকাশ করা হয়নি।

সম্প্রতি মাস্ক ৬,০০০ সাবেক টুইটার কর্মীর একটি ক্লাস অ্যাকশন মামলাও মীমাংসা করেছেন, যেখানে অভিযোগ ছিল, অনেকেই সম্পূর্ণ ক্ষতিপূরণ পাননি বা একেবারেই পাননি।

ডিবিটেক/বিএমটি