নিরাপত্তা বাড়াতে উপগ্রহের কক্ষপথ নিচে নামাবে স্টারলিংক
স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ২০২৬ সালে তাদের উপগ্রহ নেটওয়ার্ক পুনর্বিন্যাসের পরিকল্পনা নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে প্রায় ৫৫০ কিলোমিটার উচ্চতায় থাকা সব উপগ্রহকে ধাপে ধাপে ৪৮০ কিলোমিটার কক্ষপথে নামানো হবে। স্পেসএক্সের স্টারলিংক প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। খবর রয়টার্স।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, কক্ষপথ নিচে নামালে মহাকাশে নিরাপত্তা বাড়বে। কারণ ৫০০ কিলোমিটারের নিচে সক্রিয় উপগ্রহ ও ধ্বংসাবশেষের সংখ্যা তুলনামূলক কম, ফলে সংঘর্ষের ঝুঁকিও হ্রাস পায়। সাম্প্রতিক সময়ে স্টারলিংকের একটি উপগ্রহে ত্রুটি দেখা দেওয়ার পর এই সিদ্ধান্ত আরও গুরুত্ব পেয়েছে।
গত ডিসেম্বরে ৪১৮ কিলোমিটার উচ্চতায় থাকা একটি উপগ্রহে অস্বাভাবিক ঘটনা ঘটে, যার ফলে সামান্য ধ্বংসাবশেষ তৈরি হয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিশ্বজুড়ে ইন্টারনেট ও যোগাযোগ সেবার জন্য হাজার হাজার উপগ্রহ উৎক্ষেপণের প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে স্টারলিংকের এই পদক্ষেপকে মহাকাশ নিরাপত্তা জোরদারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে স্টারলিংকের প্রায় ১০ হাজার উপগ্রহ পৃথিবীর কক্ষপথে সক্রিয় রয়েছে।
ডিবিটেক/বিএমটি





