ইনস্টাগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারী ৩০০ কোটি
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ইনস্টাগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটিতে পৌঁছেছে। বুধবার এই ঘোষণা দিয়ে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের আরেকটি মাইলফলক তুলে ধরেন। খবর রয়টার্স।
২০২২ সালে মেটা সর্বশেষ তথ্য প্রকাশ করেছিল, তখন ইনস্টাগ্রামের ব্যবহারকারী ছিল ২০০ কোটির বেশি। ২০১২ সালে ফেসবুক মাত্র ১ বিলিয়ন ডলারে ইনস্টাগ্রাম অধিগ্রহণ করেছিল, যা তখন প্রশ্নবিদ্ধ হয়েছিল। কিন্তু এক দশকেরও কম সময়ে অ্যাপটি বিপুল প্রবৃদ্ধি অর্জন করেছে এবং ধারণা করা হচ্ছে, এ বছর যুক্তরাষ্ট্রে মেটার বিজ্ঞাপন আয়ের অর্ধেকের বেশি আসবে ইনস্টাগ্রাম থেকে।
ইনস্টাগ্রামের দ্রুত সাফল্যের অন্যতম কারণ ২০২০ সালে চালু হওয়া রিলস ফিচার, যা ব্যবহারকারীদের শর্ট ভিডিও কনটেন্ট তৈরির সুযোগ দেয়। এই খাতে টিকটক এবং গুগলের ইউটিউব শর্টসের সঙ্গে তীব্র প্রতিযোগিতা চলছে।
চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের বর্তমানে বিশ্বজুড়ে মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটিরও বেশি। তবে জাকারবার্গের মতে, ইনস্টাগ্রামের অব্যাহত প্রবৃদ্ধি প্রমাণ করছে যে এটি সামাজিক যোগাযোগের বাজারে এখনও শক্ত অবস্থানে রয়েছে।
ডিবিটেক/বিএমটি







