প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কয়েকজন আহত

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কয়েকজন আহত
২৭ আগষ্ট, ২০২৫ ১৩:৪৯  
২৭ আগষ্ট, ২০২৫ ১৪:৪৯  

রাজধানীর শাহবাগে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়া প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৭ আগস্ট, বুধবার দুপুর পৌনে ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিক্ষার্থী আহত হন। পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পুনরায় শাহবাগে ফিরে এসে বিক্ষোভ মিছিল করছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে দুজন বারডেমে চিকিৎসা নিচ্ছেন। আরও কয়েকজনকে অন্যান্য হাসপাতালে নিয়ে গেছেন সহপাঠীরা। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 শিক্ষার্থীরা পিছু হটলেও তাৎক্ষণিকভাবে নতুন করে আবার অবস্থান নেওয়ার চেষ্টা করে। এর আগে, সকাল থেকেই রাজধানীর শাহবাগ মোড় দখলে রেখে অবস্থান নেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা ‘লং মার্চ’ শুরু করে যমুনার দিকে। তখনই পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত ঘটে।

এর আগে দুপুর ১টায় শাহবাগ মোড়ে সংবাদ সম্মেলন করে তিন দফা দাবি বাস্তবায়নে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি, প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকিদাতাদের গ্রেফতার এবং মেধার যথাযথ মূল্যায়নের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান লিপু। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন তারা।

এদিকে আন্দোলনের কারণে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চারটি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রী ও পথচারীরা। অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনও যানবাহন প্রবেশে বাধা দিচ্ছেন আন্দোলনকারীরা।

দুপুর সাড়ে ১২টায় সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীদের কর্মসূচির কারণে পূর্বে মৎস্য ভবন, পশ্চিমে কাঁটাবন, দক্ষিণে টিএসসি ও উত্তরে ফার্মগেট মোড় দিয়ে কোনও যানবাহন চলাচল করছে না। এসব গণপরিবহন চলছে বিকল্প সড়কে। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে বা রিকশায় গন্তব্যের দিকে যাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেবা নিতে আসা সাধারণ রোগীরা। কারণ শাহবাগের অনেক আগেই তাদের নামিয়ে দেওয়া হচ্ছে।

গুলিস্তান থেকে শিকড় পরিবহনে আসা রোগী আফসানা বেগম বলেন, আন্দোলনের কারণে আমাদের মৎস্য ভবন মোড়ে নামিয়ে দিয়ে গাড়ি চলে গেছে হেয়ার রোড দিয়ে। আর এ দিকটায় রিকশাও আসতে রাজি হচ্ছে না। তাই অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে শাহবাগের অবরোধের কারণে সায়েন্স ল্যাব, বাংলামোটর ও কাকরাইলসহ প্রতিটি সড়কেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এর আগে ২৬ আগস্ট দুপুরের পর প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখেন বুয়েট শিক্ষার্থীরা। এরপর রাতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়েন তারা।