গ্রামীনের সিমে সুদবিহীন কিস্তিতে স্মার্টফোন দেবে ইবিএল
গ্রামীণফোন গ্রাহকদের জন্য ২৪ মাসের সুদবিহীন কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দেবে ইস্টার্ন ব্যাংক। এ উপলক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
৩ আগস্ট গণমাধ্যমকে জানানো হয়েছে, রাজধানীর জিপি হাউজে সম্প্রতি গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি এবং ইবিএল’র হেড অব কার্ডস তাসনিম হোসেন এই সমঝোতা স্মারকটি সই করেন।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির অধীনে গ্রামীণফোনের গ্রাহকরা আগামী ১০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পার্টনার আউটলেট থেকে ইবিএল’র ক্রেডিট কার্ড ব্যবহার করে জিরো পার্সেন্ট ইএমআই অফারটি গ্রহণ করতে পারবেন। প্রথম সারির স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং, শাওমি (এমআই), ভিভো, অপ্পোসহ গেজেট অ্যান্ড গিয়ার’র মতো মাল্টি ব্র্যান্ড রিটেলারের কাছ থেকে স্মার্টফোনগুলো কিনতে পারবেন গ্রাহকরা। এক্ষেত্রে ২৯০০০ নম্বরে এসএমএস করে গ্রাহকদের জেনে নিতে হবে তিনি এই সুযোগ পাওয়ার যোগ্য কি না।
এ নিয়ে গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি বলেন, “ডিজিটালাইজেশনের মাধ্যমে সমাজের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে গ্রামীণফোন। এই পার্টনারশিপ প্রমাণ করে, টেলিকম ও ফিনটেক খাতের যৌথ উদ্যোগ কীভাবে গ্রাহকদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির দরজা খুলে দিতে সক্ষম। এতে সুদবিহীন ও দীর্ঘমেয়াদি কিস্তির মাধ্যমে স্মার্টফোন ব্যবহারের সুযোগ উপভোগ করতে পারবেন গ্রাহকরা, যা তাদের ডিজিটাল জীবনধারাকে আরও সহজ করে তুলবে।”
ইস্টার্ন ব্যাংক পিএলসি’র হেড অব কার্ডস তাসনিম হোসেন বলেন, “উদ্ভাবন, সুবিধাজনক সেবা এবং সাশ্রয়ী সমাধানের সমন্বয়ে গ্রামীণফোনের সাথে এমন একটি অনন্য উদ্যোগে গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। আজকের সংযুক্ত গ্রাহকদের জন্য আর্থিক সুবিধা এবং স্মার্ট ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে সংকল্পবদ্ধ ইবিএল।”







