বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে সরকার : বাণিজ্য সচিব

বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে সরকার : বাণিজ্য সচিব
২৭ জুলাই, ২০২৫ ১৬:১৮  
২৭ জুলাই, ২০২৫ ১৬:৫৭  

বাণিজ্য ঘাটতি কমাতে এবার যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য বায়না করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।  ২৭ জুলাই রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। একইভাবে ভারত ও ভিয়েতনাম ১০০টি ও ইন্দোনেশিয়া ৫০টি বোয়িং কিনছে। 

তিনি বলেন, আগে আমাদের ১৪টি অর্ডার ছিল। এখন শুল্ক ঘাটতি আরও কমাতে এ অর্ডার ২৫টি করেছি।

‘বোয়িং তার ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে। সুতরাং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে। এক-দুই বছর লাগবে।’ -যোগ করেন বাণিজ্য সচিব।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ ও ৩০ জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনা হবে বলে জানিয়েছেন মাহবুবুর রহমান।

তিনি বলেন, গত ২৩ তারিখে আমরা আমাদের অবস্থানপত্র দিয়েছিলাম। আগামী ২৯-৩০ তারিখ সরাসরি বৈঠক হবে ওয়াশিংটনে ইউএসটিআরের অফিসে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সেখানে উপস্থিত থাকবেন। আমিও যাবো।

সচিব বলেন, আমাদের অবস্থানপত্রের ওই বিষয়গুলো এখানে সরাসরি বিস্তারিত আলোচনা হবে। সেজন্য আগামীকাল সোমবার সন্ধ্যায় আমাদের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হবে।

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে ১৬২ সিটের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪১৯ সিটের ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এবং ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফট রয়েছে।