ভারতে ২৫টি জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপ নিষিদ্ধ
ভারত সরকার ২৫টি স্ট্রিমিং সেবা বন্ধের নির্দেশ দিয়েছে, যেগুলোর অনেকগুলোর রয়েছে মিলিয়ন সংখ্যক দর্শক ও সাবস্ক্রাইবার। অভিযোগ রয়েছে, এসব অ্যাপে “অশ্লীল” কনটেন্ট প্রচার করা হচ্ছিল। খবর টেকক্রাঞ্চ।
দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, তথ্য প্রযুক্তি আইন ২০০০ এবং ২০২১ সালের আইটি রুলস অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ‘উলু’ এবং ‘এএলটিটি’-এর মতো অ্যাপ, যেগুলো কম খরচে প্রাপ্তবয়স্কদের বিনোদন সামগ্রী দিয়ে ভারতীয় বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
‘অ্যাপফিগারস’-এর তথ্য অনুসারে, নিষিদ্ধ অ্যাপগুলোর সম্মিলিত ডাউনলোড ১০ কোটির বেশি, আয় ৫.৭ মিলিয়ন ডলার। অনেক অ্যাপ সরাসরি এপিকে ফাইল হিসেবে ওয়েবসাইটে পাওয়া গেলেও এখন বেশিরভাগ ওয়েবসাইটই ভারতে বন্ধ।
‘বালাজি টেলিফ্লিমস’ এর এএলটিটি ও ‘উলু ডিজিটাল’-এর উলু যথাক্রমে ২০২৫ সালে ২.৩ ও ২.৫ মিলিয়ন ডলার মুনাফা করেছে। তবে কর্তৃপক্ষের প্রশ্নবিদ্ধ কনটেন্টের কারণে অ্যাপ স্টোর এবং ওয়েবসাইট থেকে অনেক অ্যাপ ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
ডিবিটেক/বিএমটি







