তরুণদের নিয়ে প্রেনিউর ল্যাবের ‘ডিজিটাল ইশতেহার’
সিভিক-টেক প্ল্যাটফর্ম চালু করলো প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব। এই প্লাটফর্মের মাধ্যমে সক্রিয়ভাবে নীতি আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব এবং দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ করতে পারবেন তরুণরা।
রিফর্ম বাংলাদেশ শীর্ষক প্ল্যাটফর্মটিতে নীতি পরামর্শ পড়া এবং সমর্থন করা এবং ডিজিটাল-ফার্স্ট সংলাপের সাথে নিজস্ব সংস্কার প্রস্তাব জমা দেওয়ার সুযোগ রয়েছে, বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিটি ধারণা পর্যালোচনা করা হয় এবং একটি খসড়া ইশতেহারে সংকলিত করে সংস্কার কমিশন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে শেয়ার করা হবে। প্রায় ২৫০ জনেরও বেশি প্রশিক্ষিত তরুণদের নিয়ে, রিফর্ম বাংলাদেশ নবীন প্রজন্মকে পলিসি অ্যাডভোকেসিতে উৎসাহ প্রদান করছে।
এক বছর আগে ঘটে যাওয়া রক্তক্ষয়ী আন্দোলনের পর বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তরুণ নেতৃত্বাধীন বিপ্লবে ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। ১ হাজার ৪০০+ তরুণ প্রাণ হারিয়েছেন, বহু আহত ও নিখোঁজ। এই আত্মত্যাগকে অর্থবহ করে তুলতেই প্রেনিউর ল্যাব ইয়ুথ অ্যান্ড ইনোভেশন ট্রাস্ট শুরু করেছে রিফর্ম বাংলাদেশ।
প্রেনিউর ল্যাবের ট্রাস্টি আরিফ নিজামী বলেন, রাজনৈতিক সংযোগ না থাকলেও যেন তরুণদের মতামত সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে পৌঁছায়। কর্মকর্তারা এই উদ্যোগকে সম্প্রসারণের পরিকল্পনা করছেন, নীতি হ্যাকাথন এবং টাউন হল আয়োজনের মাধ্যমে নীতিনির্ধারকদের কাছে যুব ধারণা পৌঁছে দেওয়া হবে।
এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে ডিজিটাল ম্যানিফেস্টো ওয়েবসাইট একটি সিভিক-টেক প্ল্যাটফর্ম যেখানে তরুণরা নীতি প্রস্তাব পড়তে, সমর্থন জানাতে এবং নিজেদের মতামত জমা দিতে পারেন।







