মিটফোর্ডঃ নৃশংশ হত্যার ভিডিও প্রকাশের পর সিসি ফুটেজে সব আসামি শনাক্ত
দুই দিন আগে রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে প্রকাশ্যে নির্মমভাবে খুন হন ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগ। হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশের পর ১১ জুলাই নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এরপরই এ ঘটনায় জড়িতদের সবাইকে শনাক্ত করেছে পুলিশ, তাদের গ্রেফতারে অভিযান চলছে।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এরপর তার নিথর দেহ টেনেহিঁচড়ে হাসপাতাল চত্বরের বাইরে এনে শত শত মানুষের সামনে চলে বীভৎস উন্মত্ততা।
ডিএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন শিকদার জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মহিন ও তারেক নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
গত ৯ জুলাই বিকেলের ওই হত্যাকাণ্ডের বিষয়ে ১১ জুলাই ডিএমপি জানায়, মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর লাল চাঁদকে হত্যার ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
এর আগেই সোশ্যাল হ্যান্ডেলে ছড়িয়েছে নৃশংসতার ভয়াবহ চিত্র। অনলাইন থেকে ফের উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।







