২৪ ঘণ্টার মধ্যে কুমিল্লায় ধর্ষণের শিকার নারীর ভিডিও  সরানোর নির্দেশ

২৪ ঘণ্টার মধ্যে কুমিল্লায় ধর্ষণের শিকার নারীর ভিডিও  সরানোর নির্দেশ
২৯ জুন, ২০২৫ ২০:১২  
২৯ জুন, ২০২৫ ২৩:০৮  

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে  ধর্ষণের শিকার নারীর নির্যাতনের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতেও আদেশ দেয়া হয়েছে। 

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২৯ জুন (রবিবার) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন

আদেশে আগামী ১৫ দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। আগামী ১৪ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। সেদিন প্রতিবেদন জানাতে হবে পুলিশকে। 

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও কন্টেন্ট দ্রুত সরিয়ে নেয়া এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতের জোরালো দাবী জানায় ধর্ষণ আইন সংস্কার জোট। 

এদিকে এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান। গ্রেফতারকৃতরা হলেন- বাহেরচর পাচকিত্তা গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু

প্রসঙ্গত, রবিবার সকালে বিষয়টি কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) ভোর ৫টায় ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত ফজর আলী (৩৮) কুমিল্লা মুরাদনগর উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে