কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, বন্ধ আন্তঃব্যাংক লেনদেন

কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, বন্ধ আন্তঃব্যাংক লেনদেন
৪ ডিসেম্বর, ২০২৫ ১৮:৫৬  

বিদ্যুৎ বিভ্রাটের জেরে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় সার্ভার ‘ডাউন’ হয়ে পড়েছে। এতে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি), ইন্টারনেট ব্যাংকিং এবং চেক ক্লিয়ারিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। আন্তঃব্যাংক লেনদেন, অনলাইন পেমেন্ট ও বিভিন্ন ব্যাংকিং সেবায় জটিলতা দেখা দিয়েছে।

৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সার্ভার অচল হয়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করলেও ঠিক কখন সার্ভার স্বাভাবিক হবে তা জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। শুধু জানিয়েছেন, সমস্যা সমাধানে কাজ চলমান।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজের আকস্মিক ওঠানামার কারণে বিকেল ৪টার পর পুরো সিস্টেম বন্ধ হয়ে যায়। ফলে সব ধরনের আন্তঃব্যাংক লেনদেন আপাতত বন্ধ রয়েছে। তবে আমাদের পূর্ণাঙ্গ কারিগরি টিম সমস্যা সমাধানে কাজ করছে।’

বিভিন্ন ব্যাংক গ্রাহককে নোটিশ দিয়ে জানানো হয়েছে, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের প্রান্তে এনপিএসবি সেবা সাময়িকভাবে অকার্যকর রয়েছে। সিস্টেম দ্রুত পুনরায় চালু করার চেষ্টা চলছে। এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

এর আগেও ২০২৩ সালের ৫ এপ্রিল কারিগরি ত্রুটির কারণে এনপিএসবি ও সরকারি পেমেন্ট ৭ ঘণ্টা বন্ধ ছিলো। 

ডিবিটেক/ডিআর/ইকে