অ্যানথ্রপিকের বিরুদ্ধে রেডিটের মামলা

অ্যানথ্রপিকের বিরুদ্ধে রেডিটের মামলা
৫ জুন, ২০২৫ ১৮:৩০  
৫ জুন, ২০২৫ ১৩:৩০  

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার একটি আদালতে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রেডিট। মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যানথ্রপিক রেডিটের কনটেন্ট ব্যবহার করে লাইসেন্স ছাড়া এআই প্রশিক্ষণ দিয়েছে। খবর টেকক্রাঞ্চ।

রেডিট বলছে, এই ব্যবহার বাণিজ্যিক উদ্দেশ্যে এবং রেডিটের ব্যবহারকারী চুক্তির পরিপন্থী। তারা দাবি করছে, অ্যানথ্রপিক তাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে, তাদের কনটেন্ট ব্যবহারের অনুমতি নেই, তবুও অ্যানথ্রপিক ১০০,০০০ বারের বেশি রেডিট স্ক্র্যাপ করেছে।

রেডিট ইতিমধ্যে ওপেনএআই এবং গুগলের সঙ্গে চুক্তি করেছে, যেখানে নির্দিষ্ট শর্তে তাদের ডেটা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে অ্যানথ্রপিকের সঙ্গে এমন কোনো চুক্তি হয়নি।

রেডিটের প্রধান আইন কর্মকর্তা বেন লি বলেন, “অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠান যদি রেডিট কনটেন্ট ব্যবহার করে লাভ করে, অথচ রেডিট ব্যবহারকারীদের কোনো সুযোগ না দেয়, তা আমরা মেনে নেব না।”

অ্যানথ্রপিক এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, তারা আইনী লড়াইয়ে নামতে প্রস্তুত।

এই মামলা রেডিটকে প্রথম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরেছে যারা একটি এআই কোম্পানির বিরুদ্ধে ডেটা প্রশিক্ষণ নিয়ে আইনি লড়াইয়ে নামল।

ডিবিটেক/বিএমটি