শহরে রূপ নিলো ইলন মাস্কের 'স্টারবেস'
ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত টেক্সাসের দক্ষিণ প্রান্তের এলাকা ‘স্টারবেস’ এখন থেকে একটি আনুষ্ঠানিক শহর। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে এলাকাটি ‘স্টারবেস’ নামে নগরী হিসেবে অন্তর্ভুক্তির পক্ষে ২১২ জন এবং বিপক্ষে মাত্র ৬ জন ভোট দেন। মোট ২৮৩ জন ভোটারের বেশিরভাগই স্পেসএক্স-এর কর্মী। খবর বিবিসি।
প্রায় ১.৬ বর্গমাইল এলাকা নিয়ে গঠিত নতুন শহরটিতে মেয়র ও দুই কমিশনার থাকবেন, যাঁরা পরিকল্পনা, কর আরোপসহ বিভিন্ন স্থানীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। স্টারবেস-এর প্রথম মেয়র হচ্ছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট ববি পেডেন, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নগরীর স্বীকৃতি পেলে স্থানীয়ভাবে ১.৫% পর্যন্ত সম্পত্তি কর আরোপ করা যাবে। তবে আশপাশের বাসিন্দা ও পরিবেশবাদীরা স্টারবেস গঠনের বিরোধিতা করছেন, তারা বলছেন, স্পেসএক্সের কার্যক্রমে স্থানীয় পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বোকা চিকা সমুদ্রসৈকতে প্রবেশ সীমিত করার উদ্যোগ গণস্বার্থের বিরুদ্ধে যাবে।
টেক্সাসের আইনসভায় একটি বিল পাস হলে স্টারবেস কর্তৃপক্ষ রকেট উৎক্ষেপণের সময় স্থানীয় রাস্তাঘাট ও সৈকত বন্ধ রাখতে পারবে। এখন পর্যন্ত এই নিয়ন্ত্রণ ক্যামেরন কাউন্টির হাতে রয়েছে।
ডিবিটেক/বিএমটি







