টিকটকের সময়সীমা আরও বাড়াতে পারেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ১৯ জুনের মধ্যে কোনো সমঝোতা না হলে তিনি আবারও টিকটকের মার্কিন কার্যক্রম হস্তান্তরের সময়সীমা বাড়াতে পারেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি তা করব... আমি চাই এটি সম্পন্ন হোক।" খবর রয়টার্স।
চীনা মালিকানাধীন বাইটড্যান্সকে টিকটকের মার্কিন অংশ বিক্রির জন্য কংগ্রেস নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে দুবার বাড়ানো হয়েছে। শুরুতে জানুয়ারি ১৯ তারিখে কার্যকর হওয়ার কথা থাকলেও ট্রাম্প তা কার্যকর না করে প্রথমে এপ্রিল এবং পরে ১৯ জুন পর্যন্ত মেয়াদ বাড়ান।
২০২৪ সালের নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা পাওয়ায় ট্রাম্প অ্যাপটির প্রতি "স্নেহ" থাকার কথা জানান। তবে বাইটড্যান্সের সঙ্গে যুক্তরাষ্ট্রে একটি নতুন কোম্পানি গঠনের আলোচনায় চীন আপত্তি জানায়, বিশেষ করে ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫% শুল্ক আরোপের পর।
ডেমোক্রেটিক সিনেটররা ট্রাম্পের এই সময়সীমা বৃদ্ধির ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ট্রাম্প বলেন, চীন একটি সমঝোতায় আসতে আগ্রহী এবং ভবিষ্যতে শুল্ক কমানো যেতে পারে।
ডিবিটেক/বিএমটি







