নজরুল জন্মবার্ষিকীতে কোক স্টুডিও বাংলার ‘রুম ঝুম’

নজরুল জন্মবার্ষিকীতে কোক স্টুডিও বাংলার ‘রুম ঝুম’
২৩ মে, ২০২৬ ২৩:৫৫  

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলা–র চতুর্থ সিজনের প্রথম গান ‘রুম ঝুম’। ২৩ মে শনিবার সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি। প্রকাশের পরই নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে গানটি।

ইউটিউবে গানটি’র বাংলা ও তুর্কী ভাষায় লিরিক সংযুক্ত করা হয়েছে। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘কে বলবে যার গানে কথায় ও সুরে এতো প্রেম এতো বিরহ তিনি আবার চির বিদ্রোহী। আহা নজরুল’ কিংবা ‘আগামীকাল নজরুলের জন্মদিন। আজ এতো সুন্দর একটা পরিবেশনা। দারুণ!!!!’- মন্তব্য। 

কেউবা আবার লিখেছেন- “সবকিছু ভালো।বেশ ভালো।কিন্তু জলদি ফুরিয়ে গেল যেন।সবার মধ্যেও নুসরাত জাহান এর ভয়েসে কোথাও সেই বেগম ফিরোজা বেগমের ঝলক পেলাম যেন, আরেকটু স্পেস যদি পেতেন...।থ্যাংক ইউ, যারা গানটার সাথে জড়িয়ে আছেন।ছেলেবেলা মনে পড়ে গেল একটু। ভিজুয়ালিও বেশ ভালো।সবার জন্য নজরুলজয়ন্তীর আগের রাতে গানটার জন্য, নস্টালজিয়ার জন্য অনেক অনেক ভালোবাসা।”

‘রুম ঝুম’ গানটির শুরুতে ব্যবহার করা হয়েছে অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’-এর সুর। পরে সেই সুরের সঙ্গে যুক্ত হয়েছে নজরুলের বাংলা গান ও কবিতার আবহ। এর মাধ্যমে তুরস্ক ও বাংলার সংগীত ঐতিহ্যের মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

গানটিতে তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক কণ্ঠ দিয়েছেন ‘উস্কুদারা গিদের ইকেন’ অংশে। আর নজরুলের ‘রুম ঝুম’ পরিবেশন করেছেন বাংলাদেশি শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান।

এই গানের মাধ্যমে প্রথমবার কোক স্টুডিও বাংলার সঙ্গে যুক্ত হয়েছেন মাহতিম ও নুসরাত। গণমাধ্যমে মাহতিম বলেছেন, কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কালজয়ী সংগীতকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে ঐতিহ্যের প্রতিও সম্মান বজায় রাখা হচ্ছে।

নুসরাত বলেন, গানটির সংগীত প্রযোজনা করেছেন শুভেন্দু দাস শুভ। ছোটবেলা থেকেই তিনি নুসরাত ও তার ভাইয়ের মেন্টর ছিলেন। তাই তার সঙ্গে কাজ করাকে স্বপ্নপূরণের মতো অভিজ্ঞতা বলে উল্লেখ করেন তিনি।

নতুন গান প্রসঙ্গে কোকাকোলা বাংলাদেশ লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক মো. মঈন উল্লাহ চৌধুরী বলেন, শতবর্ষ পুরোনো তুর্কি লোকসুর যখন বাংলা কবিতায় স্থান পায়, তখন তা সংস্কৃতির অগ্রযাত্রাকেই তুলে ধরে। কোক স্টুডিও বাংলা সেই ঐতিহ্যকেই সম্মান জানাচ্ছে।

২০২২ সালে যাত্রা শুরু হওয়া কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনে মোট আটটি গান প্রকাশ করা হবে। প্রতিটি গান ভিন্ন ভিন্ন আবেগ ও সংগীত ধারার ওপর ভিত্তি করে তৈরি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/ডিবিটেক/ এসএইচ/ ইকে/