একসঙ্গে এআই অলিম্পিয়াড করবে বিইউবিটি- বিডিওএসএন
২০২৫ সালের বাংলাদেশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অলিম্পিয়াড আয়োজনের উদ্দেশ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগটির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) সম্পর্কে ধারণা সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক এআই প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণের প্রস্তুতিতে সহায়ক হবে।
বাংলাদেশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫-এর আওতায় বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে প্রস্তুতিমূলক কর্মশালা, সচেতনতা মূলক প্রচারণা এবং এআই সম্পর্কিত বিভিন্ন সেশন অন্যতম। এসবই শিক্ষার্থীদের এআই-সংক্রান্ত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য দেশের সবচেয়ে প্রতিভাবান শিক্ষার্থীদের একটি দল গঠন করা। যারা আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড এবং আন্তর্জাতিক অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সে মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি জনাব মুনির হাসান, বিইউবিটির রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ, বিভিন্ন অনুষদের ডিন এবং বিইউবিটি আইকিউএসি ও বিআরআইসি-এর পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ।
এই উদ্যোগ বাংলাদেশের এআই প্রতিভা বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে।



