জিপিএসের বিকল্প খুঁজছে যুক্তরাষ্ট্র

জিপিএসের বিকল্প খুঁজছে যুক্তরাষ্ট্র
৬ মার্চ, ২০২৫ ১১:৫১  
৬ মার্চ, ২০২৫ ১১:৫১  

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) দেশটির জাতীয় নিরাপত্তার স্বার্থে জিপিএসের বিকল্প প্রযুক্তি খোঁজার উদ্যোগ নিচ্ছে। সংস্থাটি আগামী ২৭ মার্চ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভোট দেবে। খবর রয়টার্স।

জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম মূলত উপগ্রহ ও গ্রাউন্ড রিসিভার ব্যবহারের মাধ্যমে নৌযান, বিমান, গাড়ি ও অন্যান্য যানবাহনের নেভিগেশন এবং সময় নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ। তবে সম্প্রতি জিপিএস সিগন্যাল জ্যামিং ও স্পুফিং বেড়ে যাওয়ায় উড়োজাহাজসহ বিভিন্ন খাতের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে।

এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেছেন, “একক প্রযুক্তির ওপর নির্ভরতা আমাদের ঝুঁকিতে ফেলছে, তাই বিকল্প উন্নয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।” তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

এফসিসির এই উদ্যোগের মাধ্যমে সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পজিশনিং, নেভিগেশন ও টাইমিং (পিএনটি) প্রযুক্তির উন্নয়ন উৎসাহিত করা হবে। এদিকে, ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে মিলে জিপিএস স্পুফিং প্রতিরোধে নতুন প্রযুক্তির উন্নয়নে কাজ করছে।

ডিবিটেক/বিএমটি