এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টারের পঞ্চম আসরে চ্যাম্পিয়ন আইইউটির ‘এক্সট্রাড্রিল
বাস্তব জীবনের নানা সমস্যার সফটওয়্যারভিত্তিক সমাধানে শিক্ষার্থীদের উদ্ভাবন দক্ষতা বাড়াতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টার’ এর পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হয়েছে আইইউটির ‘এক্সট্রাড্রিল’, প্রথম রানার আপ ব্র্যাক ইউনিভার্সিটির ‘ইরোর ফোর জিরো ফোর ফাউন্ড’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ‘এনএসইউ থান্ডারহক্স’ নামের দলের প্রতিযোগীরা।
বসুন্ধরার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘হ্যাক এনএসইউ: সিজন-৫’ নামে শনিবার অনুষ্ঠিত এবারের আসরে অংশগ্রহণ করেছে বিভিন্ন বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ১১টি দল। এবারের আসরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ব্র্যাক ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ (আইইউবি) শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা অংশ নেন।
আন্তঃবিশ্ববিদ্যালয়ভিত্তিক এই আয়োজনটি দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রথম ধাপে প্রতিযোগীরা ছয়টি সমস্যা থেকে একটি পছন্দ করে তার সমাধান প্রস্তাব করেন। দ্বিতীয় ধাপে টানা আট ঘণ্টা কোডিংয়ের মাধ্যমে সমস্যাটির সমাধান প্রস্তাব দেন।
এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টারের সেক্রেটারি রীম গাজী মাহমুদ হোসেন জানান, দিনব্যাপী এই আয়োজনে বিচারক হিসেবে ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা। এছাড়াও আয়োজনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।







