টেলিকম ও আইসিটি প্রধান উপদেষ্টার কাঁধে, তথ্য ও সম্প্রচারে মাহফুজ
সদ্য পদত্যাগী নাহিদ ইসলামের অধীনে থাকা একটি মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন হলেও আরেক মন্ত্রণালয়, অর্থাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি। ফলে এই মন্ত্রণালয়ের অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
আর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির দায়িত্ব প্রধান উপদেষ্টার ওপর থাকলেও এই মন্ত্রণালয়ের নীতি উপদেষ্টা হিসেবে রয়েছেন ফয়েজ আহমেদ তৈয়্যব। ফলে নতুন উপদেষ্টা না থাকা পর্যন্ত তিনিই প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে এই মন্ত্রণালয়ের কাজ অব্যাহত রাখছেন।
মঙ্গলবার নাহিদ ইসলামের পদত্যাগের পর এমন আভাসই দেয়া হয়েছিলো ডিজিবাংলা’র খবরে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন সই করা প্রজ্ঞাপনের ২ নম্বর ক্রমে দেখা যায়, বণ্টন/পুনর্বণ্টনকৃত মন্ত্রণালয় বিভাগে প্রধান উপদেষ্টার অধীনে ছয়টি মন্ত্রণালয় রয়েছে।
একই পরিপত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় মো. মাহফুজ আলমকে।
এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। আজ তার পদত্যাগপত্র গৃহীত হয়। নাহিদের পদত্যাগের পরদিন তার স্থলাভিষিক্ত হলেন মাহফুজ আলম।







