১৫১৭টি শূণ্য পদে নিয়োগ দেবে আইসিটি বিভাগ

৮ জুন, ২০২০ ১৪:৩০  
দীর্ঘদিন ধরেই শূণ্য রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিভিন্ন সংস্থা ও দপ্তরের ১৫১৭টি পদ। এসব পদে দ্রুত নিয়োগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। লকডাউন ছুটির শেষে সোমবার (৮ জুন) প্রথম দিনের মতো আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের নিজ কার্যালয়ে থেকে অনলাইন রেভিনিউ সভায় উপস্থিত কর্মকর্তাদের এই নির্দেশ দেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ওই সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ. বি. এম আরশাদ হোসেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ’র নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক মোঃ রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে বসেই এই অনলাইন সভায় সংযুক্ত হন। সভায় দেশের চাকুরি প্রার্থীদের জন্য ই-গভ জব পোর্টাল তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী চাকুরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া অর্থ সাশ্রয়ী, হয়রানি মুক্ত এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ই-রিক্রুটমেন্ট ব্যবস্থা চালু করার ওপর গুরুত্বারোপ করেন। এই বৈঠক শেষে দুপুরে ডিএমপি পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এবং কাউন্টারটেররিজমের ডিজি মনিরুল ইসলামের সঙ্গে লকডডাউন জোনিং বিষয়ে বৈঠক করেন আইসটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  এসময় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম উপস্থিত ছিলেন।