হোয়াটসঅ্যাপের একাধিক নতুন ফিচার

৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২৩:৫৫  

শিগগিরই ব্যবহারকারীদের জন্য আরও নতুন ফিচার নিয়ে হাজির হতে চলেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

প্রতিদিনের হাজারো চ্যাটের মধ্যে প্রয়োজনীয় মেসেজগুলোকে যাতে খুব সহজেই খুঁজে পাওয়া যায়, সেজন্য এতদিন অবধি নির্দিষ্ট কোনো একটি, দুটি কিংবা সর্বোচ্চ তিনটি চ্যাটকে পিন করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। এর ফলে জরুরি কন্ট্যাক্টসগুলোকে চ্যাট উইন্ডোর শীর্ষে দেখা যেতো। তবে গ্রুপ বা চ্যাটের ভিতরে কোনো একটি নির্দিষ্ট মেসেজকে আলাদা করে পিন করে রাখার কোনো উপায় ছিলো না। এর ফলে মূলত কোনো গ্রুপের অসংখ্য মেসেজের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো একটিকে খুঁজে পেতে ব্যবহারকারীদেরকে প্রচণ্ড অসুবিধার মুখোমুখি হতে হতো।

নতুন খবর অনুযায়ী, এবার ব্যবহারকারীদের ভোগান্তি দূর করতে শিগগিরই একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার চ্যাটের মধ্যে মেসেজ পিন করতে পারবেন ব্যবহারকারীরা।

মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি শিগগিরই ‘পিনড মেসেজ’ নামক একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে, যার মাধ্যমে আগামী দিনে পার্সোনাল চ্যাট এবং গ্রুপের ভিতরে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আলাদা করে পিন করে রাখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এর ফলে শত শত মেসেজের মধ্যেও দরকারি মেসেজটি সহজেই খুঁজে নেওয়া যাবে।

অন্যদিকে, ডব্লিউএবেটাইনফোর আরেকটি প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ একটি কলিং শর্টকাট ফিচার চালুর পরিকল্পনা করেছে, যা ব্যবহারকারীদের দ্রুত কল ডায়াল করার জন্য কলিং শর্টকাট তৈরি করতে সহায়াতা করবে। সেক্ষেত্রে কাউকে কল করার জন্য ব্যবহারকারীদেরকে আর হোয়াটসঅ্যাপ ওপেন করে সংশ্লিষ্ট নম্বরটির খোঁজ করতে হবে না, এই শর্টকাটটির মাধ্যমে তারা অতি অনায়াসে যে কাউকে কল করতে সক্ষম হবেন।

ডিবিটেক/বিএমটি