বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়ন
চার বছরের প্রচেষ্টায় শ্রম মন্ত্রণালয় থেকে নিবন্ধন পাওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে নতুন উদ্যোমে যাত্রা শুরু করলো বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের কর্মীদের সংগঠন 'বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়ন'। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডি ৩২-এ অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউনিয়ন সভাপতি গোলাম মাহমুদ সোহাগ এবং সাধারণ সম্পাদক মো. আশফাক হাসান খান।
শ্রদ্ধা নিবেদন শেষে গোলাম মাহমুদ সোহাগ বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের সহায়ক শক্তি হিসেবে বাংলালিংক এর শক্তিকে আরো বৃদ্ধি করতে হলে প্রতিষ্ঠানের কর্মীদের জীবন-মানের উন্নয়নের বিকল্প নেই। তাদেরকে দক্ষ কর্মী হিসেবে স্বাচ্ছন্দে কাজে নিয়োজিত রাখেতে এই ইউনিয়ন কাজ করবে।
তিনি জানান, ইতিমধ্যেই তাদের নিবন্ধনের খবর প্রচার করেছে ইউনিগ্লোবাল ইউনিয়ন । চিঠি দিয়ে বাংলালিংক-কেও বিষয়টি অবহিত করা হয়েছে।
শিগগিরি বাংলালিংক এর পক্ষ থেকেও এ বিষয়ে সাড়া পাবেন বলেও প্রত্যাশা করেন এই নেতা। তিনি বলেন, এই সপ্তাহেই আমরা বিটিআরসি চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে টেলিকম খাতে কর্মরতদের সমস্যা ও তার উত্তরণে আমাদের করণীয় বিষয়ে সাক্ষাৎ করবো।
প্রসঙ্গত, ২০১২ সালের মে মাসে প্রায় আড়াইশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল গ্রামীণফোন। তখন এর প্রতিবাদে আন্দোলনে নামে এর কর্মীরা। আর সে সময়ই জন্ম হয় গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ) নামে এই সংগঠনের। জিপিইইউ গঠন হয় ২০১২ সালের ১৪ জুন। ২৩ জুন নিবন্ধনের জন্য শ্রম পরিচালকের কাছে আবেদন করে সংগঠনটি। রেজিস্ট্রেশনের দরখাস্ত দাখিলের পর শ্রম অধিদফতর তা প্রত্যাখ্যান করলে শুরু হয় আইনি লড়াই। প্রায় সাত বছর আইনি লড়াইয়ের পর ২০১৯ সালের ৭ মার্চ টেলিযোগাযোগ খাতের প্রথম এমপ্লয়িজ ইউনিয়ন হিসেবে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ) ট্রেড ইউনিয়নের নিবন্ধন পায়।