ফের ভুয়া তথ্য প্রতিরোধে পদক্ষেপ নিতে মেটা’র প্রতি জোরালো আহ্বান জানালেন ড. ইউনূস

ফের ভুয়া তথ্য প্রতিরোধে পদক্ষেপ নিতে মেটা’র প্রতি জোরালো আহ্বান জানালেন ড. ইউনূস
২৩ জানুয়ারি, ২০২৫ ১৪:১০  

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পূর্ব নির্ধারিত সফর সূচি অনুযায়ী মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রধান স্যার নিক ক্লেগের সঙ্গে বৈঠক করেছেন শান্তিতে নোবেল জয়ী এবং অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব-২ শাজীব এম খায়রুল ইসলাম, মেটার বাংলাদেশ ও নেপালের পাবলিক পলিসি প্রধান রুজান সরোয়ার, মেটার অ্যাসোসিয়েট জেনারেল কাউন্সেল নয়নতারা নারায়ণ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভুয়া তথ্য নীতিমালার প্রধান অ্যালিস বুদিসাত্রিজো উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতেই ফেসবুকের মানবাধিকার বিষয় উপদেষ্টা বোর্ড সদস্য মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার কাছে মেটার মানবাধিকার নীতিমালা ব্যাখ্যা করেন। এসময় ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে ছড়ানো ভুয়া তথ্য ও মিথ্যা খবর প্রতিরোধে উদ্যোগ নিতে মেটার প্রতি ফের জোরালো আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এসময় প্রধান উপদেষ্টা মেটাকে তাদের প্রযুক্তি তরুণ উদ্যোক্তাদের জন্য আরও ব্যবহারবান্ধব করার অনুরোধ জানিয়ে বলেন, প্রযুক্তি একটি হাতিয়ার, যা আমাদের কাজ করতে সাহায্য করে। তবে প্রযুক্তি ঠিক করে না যে আমরা কী করতে চাই। তাই এটি পুনর্গঠন করে নিখুঁত করতে হবে।

তিনি আরও বলেন, ফেসবুকের মাধ্যমে বিপুল সম্ভাবনা রয়েছে। এটি তরুণদের উদ্যোক্তা হতে সাহায্য করতে পারে।

জাবাবে মেটা তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক রয়েছে বলে জানান মিরান্ডা সিসন্স।প্রতিউত্তরে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর কল্যাণে ফেসবুকের সঙ্গে সরকার যোগাযোগ অব্যাহত রাখবে বলে জানান অধ্যাপক ইউনূস। একইসঙ্গে  বাংলাদেশে ডেটা সেন্টার ও অফিস স্থাপনে সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি।

এর আগে গত ৮ ডিসেম্বর প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতি পরিচালক মিরান্ডা সিসন্স যখন সাক্ষাতে গিয়েছিলেন তখন নির্দিষ্ট কিছু দেশ থেকে পরিচালিত বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া প্রচারণা বন্ধে ফেসবুকের মূল কোম্পানি মেটাকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা।