অনলাইনে করোনা বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ দেবে আওয়ামী লীগ
ঢাকার পর এবার বিভাগীয় পর্যায়ে অনলাইনে মহামারি করোনাভাইরাস বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি।
প্রথম পর্যায়ে রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে এই আয়োজন করা হয়েছে যা আগামী সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় শুরু হবে। বিভাগীয় পর্যায়ে অনলাইনে এই স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
এর আগে ঢাকায় ১০০ জনকে অনলাইনের মাধ্যমে এই ট্রেনিং প্রোগাম করানো হয়। এবারে চট্রগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের আরো ১০০ জন এই অনলাইন ট্রেনিং প্রোগামে অংশগ্রহণ করবে।
এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে আমাদের জীবনে স্থবিরতা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে স্বেচ্ছাসেবীদের ট্রেনিং খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে এবং কর্মক্ষেত্রে হাইজিন ও সেফটি নিশ্চিত করতে এই অনলাইন ট্রেনিং অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি।