সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হতে হবে: মির্জা ফখরুল

সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হতে হবে: মির্জা ফখরুল
৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:০৭  

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে উল্লেখ করে 'সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হতে হবে' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

৭ ডিসেম্বর, রবিবার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই শঙ্কার কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। একটি মহল ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে। দেশকে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিতে হলে সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য। অথচ গত দেড় দশকে আওয়ামী লীগ শুধু গণতন্ত্রই নয়, রাষ্ট্রযন্ত্রের স্বাধীনতাকেও পদদলিত করেছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সব প্রতিষ্ঠান পুনর্গঠন করে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

তিনি বলেন, ‘আমরা অবশ্যই ধর্ম মানি, ধর্ম পালন করি। কিন্তু রাষ্ট্র বা সমাজকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার কোনো ধারণায় আমরা বিশ্বাস করি না। বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের রাষ্ট্র—১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তিও ছিল সবার বাংলাদেশ।’

তিনি আরও বলেন, গত ১৫ বছরে ‘দুঃশাসন ও ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে’ আওয়ামী লীগ দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে এসব প্রতিষ্ঠান নতুন করে পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে।
ডিবিটক/এডি/ইকে