আর্থিক অন্তর্ভুক্তিতে পুরুষের চেয়ে পিছিয়ে আছে নারীরা

ঢাকা: দেশের ৬৪ দশমিক ৫ শতাংশ মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় রয়েছেন। তবে আর্থিক সেবা গ্রহণে পুরুষের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ পয়েন্ট পিছিয়ে নারীরা। ব্যাংক হিসাব, মোবাইল আর্থিক সেবা ও অন্যান্য আর্থিক সুবিধা গ্রহণে নারী-পুরুষের এই ব্যবধান দেশের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে-২০২৫-এর প্রতিবেদনে এ তথ্য উঠে […] The post আর্থিক অন্তর্ভুক্তিতে পুরুষের চেয়ে পিছিয়ে আছে নারীরা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আর্থিক অন্তর্ভুক্তিতে পুরুষের চেয়ে  পিছিয়ে আছে নারীরা
১৮ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

ঢাকা: দেশের ৬৪ দশমিক ৫ শতাংশ মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় রয়েছেন। তবে আর্থিক সেবা গ্রহণে পুরুষের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ পয়েন্ট পিছিয়ে নারীরা। ব্যাংক হিসাব, মোবাইল আর্থিক সেবা ও অন্যান্য আর্থিক সুবিধা গ্রহণে নারী-পুরুষের এই ব্যবধান দেশের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে-২০২৫-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা র‍্যাপিড (রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট) জরিপের ফলাফল প্রকাশ করে।

জরিপের তথ্য অনুযায়ী, দেশে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)। বর্তমানে দেশে এমএফএস হিসাবের সংখ্যা ২৫ কোটি। এর মধ্যে নারীদের হিসাব ১০ কোটি। তবে হিসাবের সংখ্যা বেশি হলেও আর্থিক অন্তর্ভুক্তিতে নারী-পুরুষের ব্যবধান পুরোপুরি দূর হয়নি।

জেলাভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তির চিত্রেও রয়েছে বড় ধরনের বৈষম্য। জরিপে দেখা গেছে, আর্থিক অন্তর্ভুক্তির হারে দেশের জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে রাজবাড়ী। জেলাটিতে এই হার ৮৩ শতাংশ। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে সিরাজগঞ্জ। সেখানে আর্থিক অন্তর্ভুক্তির হার ৪৬ দশমিক ৮ শতাংশ।

আর্থিক অন্তর্ভুক্তির বর্তমান হারকে আগামী পাঁচ বছরে ৬৪ দশমিক ৫ শতাংশ থেকে ৭০ শতাংশে উন্নীত করার সুপারিশ করেছে র‍্যাপিড। এ জন্য নিয়মিত তথ্য-উপাত্ত সংগ্রহ, নারীদের উপযোগী বিশেষ আর্থিক সেবা চালু এবং নিম্ন আয়ের মানুষের জন্য ব্যাংকিং প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

পাশাপাশি গ্রামীণ এলাকায় আর্থিক সেবার বিস্তার এবং তৃণমূল পর্যায়ে আর্থিক সচেতনতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থাটির মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর কোনো বিকল্প নেই।

জরিপ প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড.হাবিবুর রহমান বলেন, আর্থিক সেবার মান এবং মানুষ কীভাবে এসব সেবা গ্রহণ করছে, সে সম্পর্কে ধারণা পেতে এই জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জরিপটি সম্পন্ন করতে সহযোগিতা করায় র‍্যাপিড ও এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তির জাতীয় কৌশলের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। তবে মোবাইল ফোন, ইন্টারনেট ডেটা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধার অভাবে অনেক মানুষ এখনো মোবাইল আর্থিক সেবা, ব্যাংক হিসাব ও বিভিন্ন আর্থিক অ্যাপ ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এই সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি নারী-পুরুষ, গ্রাম-শহর এবং সচ্ছল ও কম সচ্ছল জনগোষ্ঠীর মধ্যে আর্থিক সেবা পাওয়ার ব্যবধান কমানো জরুরি বলে জানান তিনি।

বাংলাদেশ ব্যাংক এ লক্ষ্য অর্জনে সমন্বিত পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে ডেপুটি গভর্নর কর্মকর্তা বলেন, বাংলা কিউআর চালুর মাধ্যমে ডিজিটাল লেনদেনের পরিসর বাড়ানোর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির হার বাড়াতে এই জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈশ্বিক গড়ের তুলনায় পিছিয়ে থাকা বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

The post আর্থিক অন্তর্ভুক্তিতে পুরুষের চেয়ে পিছিয়ে আছে নারীরা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.