স্পেসএক্সের আইপিওতে অংশ নিতে গ্রোক সাবস্ক্রিপশন বাধ্যতামূলক করছেন মাস্ক

স্পেসএক্সের আইপিওতে অংশ নিতে গ্রোক সাবস্ক্রিপশন বাধ্যতামূলক করছেন মাস্ক
৫ এপ্রিল, ২০২৬ ১০:০৭  
৫ এপ্রিল, ২০২৬ ১২:২৩  

ইতিহাসের বৃহত্তম আইপিও হতে যাওয়া স্পেসএক্সের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) অংশ নিতে ইচ্ছুক ব্যাংক ও অন্যান্য উপদেষ্টাদের জন্য বিশেষ শর্ত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মাস্ক চাচ্ছেন অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠান তার এআই চ্যাটবট ‘গ্রোক’-এর সাবস্ক্রিপশন কিনুক। 

জানা গেছে, কয়েকটি ব্যাংক ইতিমধ্যেই বছরে কয়েক কোটি ডলার খরচ করে গ্রোক সাবস্ক্রিপশন কেনার প্রতিশ্রুতি দিয়েছে এবং এটিকে নিজেদের আইটি সিস্টেমে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। স্পেসএক্সের এই আইপিও থেকে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বেশি উপদেষ্টা ফি পেতে পারে ওয়াল স্ট্রিট ।

বিশ্লেষকরা বলছেন, স্পেসএক্স যে কয়েক দশক ধরে বেসরকারি অবস্থায় ছিল এবং এটি এখন প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান, তাই ব্যাংকগুলো এই ধরনের বিশেষ শর্ত মেনে নিতেও বাধ্য হচ্ছে। 

স্পেসএক্স সফলভাবে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবসা গড়ে তুলেছে, যা প্রতিষ্ঠানটির আয়ের প্রধান উৎস।

উল্লেখ্য, সম্প্রতি স্পেসএক্সের সঙ্গে মাস্কের আরেক প্রতিষ্ঠান এক্সএআই-এর একীভূতকরণ সম্পন্ন হয়েছে, যার ফলে স্পেসএক্স এখন গ্রোক চ্যাটবটের মালিক। 

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, স্পেসএক্স এই আইপিওতে ২ ট্রিলিয়ন ডলারের বেশি বাজার মূল্যায়ন লক্ষ্য করছে এবং ৭৫ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে, যা ২০১৯ সালে সৌদি আরামকোর ২৯ বিলিয়ন ডলারের আইপিও রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

ডিবিটেক/বিএমটি   ।    সূত্র