১১ দলের লংমার্চ ৩১ অক্টোবর, বায়তুল মোকাররমে উদ্বোধনী
ঢাকা: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ামুখী লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের ঘোষণা দিয়ে প্রশাসনকে জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জোটটি। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার […] The post ১১ দলের লংমার্চ ৩১ অক্টোবর, বায়তুল মোকাররমে উদ্বোধনী first appeared on Sarabangla | Breaking

ঢাকা: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ামুখী লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের ঘোষণা দিয়ে প্রশাসনকে জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জোটটি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে তারা আন্দোলন ও লংমার্চ করছেন।
দুর্নীতি ও দলীয়করণ বন্ধের দাবি
ড. হামিদুর রহমান আযাদ বলেন, দুর্নীতি বন্ধ করতে অবিলম্বে দুর্নীতির পথগুলো বন্ধ করা উচিত। এ জন্য দুর্নীতি দমন কমিশনের পাশাপাশি মানবাধিকার কমিশন এবং গুম ও খুন প্রতিরোধে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য।
প্রশাসনের সর্বত্র দলীয়করণ করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, পিএসসির সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। মেধার ভিত্তিতে নিয়োগ ও বৈষম্য দূর করার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলন স্মরণ করিয়ে দেয়, অতীতের ফ্যাসিবাদী আমলে মেধা হত্যা করা হয়েছিল। তাঁর অভিযোগ, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। এখন মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতির পরিবর্তে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদমর্যাদায় শামসুল আলমের নিয়োগকে দলীয়করণের উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
মাগুরার মতো নির্বাচনের পুনরাবৃত্তি চান না
ঠাকুরগাঁওয়ে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে দাবি করে হামিদুর রহমান আযাদ বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মতো ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তারা খবর পাচ্ছেন।
তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে সরকারকে মাগুরার নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে মাগুরার নির্বাচন একটি কালো অধ্যায়। ওই নির্বাচনকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলন হয়েছিল, যা পরে চূড়ান্ত রূপ নেয়।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘মাগুরার পুনরাবৃত্তি ঘটুক, আমরা চাই না।’ এ ধরনের নির্বাচনের কোনো পরিকল্পনা থাকলে তা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
লংমার্চে প্রশাসনের সহযোগিতা চায় ১১ দল
আগামী ৩১ অক্টোবরের লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, জনবান্ধব ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক হবে বলে জানান হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সরকার যেন অনতিবিলম্বে জনগণের ভাষা বুঝতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদর দফতর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, সরকার ও প্রশাসন যদি এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা না নেয়, তাহলে তারা মনে করবেন, কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রশাসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রশাসন জনগণের হয়ে কাজ করবে-এমন প্রত্যাশা জানিয়ে তিনি লংমার্চ শান্তিপূর্ণভাবে পালনে সহযোগিতা চান।
সকাল ৭টায় বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ
৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সকাল ৮টায় প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে মাওয়া সড়ক হয়ে পদ্মা সেতু পার হয়ে লংমার্চ শুরু হবে। এরপর শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের ফকিরহাট হয়ে রূপসা সেতু পার হয়ে খুলনায় পৌঁছাবে বহর। পরে যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া জিলা স্কুল মাঠের সমাপনী সমাবেশে যোগ দেবে লংমার্চের গাড়িবহর।
এ কর্মসূচিতে গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন বলে জানানো হয়েছে।
পথে ছয় স্থানে পথসভা
লংমার্চ চলাকালে ছয়টি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় প্রথম পথসভা হবে। সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টা ৩০ মিনিটে খুলনা মহানগরীর বাবরী চত্বরে এবং দুপুর ২টায় ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভা হবে। বিকেল ৩টা ৩০ মিনিটে যশোরের মুড়লীর মোড়ে এবং বিকেল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে পরবর্তী পথসভা অনুষ্ঠিত হবে।
সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে যোগ দেবে লংমার্চের বহর।
বৈঠকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযম হোসাইন হেলাল, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ ১১ দলের নেতারা উপস্থিত ছিলেন।
The post ১১ দলের লংমার্চ ৩১ অক্টোবর, বায়তুল মোকাররমে উদ্বোধনী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





