পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৮  

স্পেশাল বা থ্রিডি অডিও প্রসেসিং প্রযুক্তির পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে চরম আইনি জটিলতায় পড়েছে বিশ্বের শীর্ষ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান- অ্যাপল, স্যামসাং এবং গুগল। 

ক্যালিফোর্নিয়াভিত্তিক ক্ষুদ্র অডিও প্রযুক্তি প্রতিষ্ঠান ‘বুমক্লাউড ৩৬০’-এর দায়ের করা এক অভিযোগের প্রেক্ষিতে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশন আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। সংস্থাটির বিচারিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের বাজারে এসব প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু স্মার্টফোন ও অডিও ডিভাইস আমদানির পাশাপাশি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে।

পেটেন্ট বিতর্ক ও বুমক্লাউড ৩৬০-এর দাবি 
চলতি বছরের আগস্ট মাসে ইউএসআইটিসির কাছে বুমক্লাউড ৩৬০ তিনটি নির্দিষ্ট পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে আবেদন করে। ক্যালিফোর্নিয়ার এই স্টার্টআপটি মূলত ক্লাউডভিত্তিক সাউন্ড অপটিমাইজেশন ও ত্রিমাত্রিক শব্দ অভিজ্ঞতার সফটওয়্যার নিয়ে কাজ করে।

তাদের দাবি, তাদের উদ্ভাবিত অডিও প্রসেসিং প্রযুক্তি অনুমতি ছাড়াই নিজেদের ডিভাইসে ব্যবহার করছে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো। বুমক্লাউড ৩৬০ তাদের আইনি আবেদনে একটি ‘লিমিটেড এক্সক্লুশন অর্ডার’ বা সীমিত বর্জন আদেশ এবং নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে, যা কার্যকর হলে ওই প্রযুক্তি ব্যবহৃত সব ডিভাইসের বাণিজ্যিক সরবরাহ বন্ধ হয়ে যাবে। 

তবে অভিযুক্ত নির্দিষ্ট ডিভাইসগুলোর তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

টেক জায়ান্টদের পাল্টা পদক্ষেপ ও ভবিষ্যৎ 
বড় ধরনের পণ্য নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে ইতোমধ্যেই আইনি লড়াই জোরদার করেছে তিন টেক জায়ান্ট। অ্যাপল, স্যামসাং এবং গুগল বুমক্লাউড ৩৬০-এর দাবির বিরুদ্ধে আদালতে ‘ডিক্লারেটরি জাজমেন্ট’ বা ঘোষণামূলক রায়ের আবেদন দায়ের করেছে, যাতে তাদের তৈরি প্রযুক্তি আইনিভাবে বৈধ বলে প্রমাণিত হয়। 

বাণিজ্য কমিশনের এই উচ্চপর্যায়ের তদন্ত ও আদালতের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই এখন নির্ধারিত হবে প্রযুক্তি বাজারের এই জনপ্রিয় পণ্যগুলো যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে নাকি আইনি সমঝোতার মাধ্যমে সংকটের নিরসন ঘটবে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: জিএসএম এরিনা