ক্রাইম রিপোর্টারদের এখনো সেইভাবে সুরক্ষা দিতে পারিনি: তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, ক্রাইম রিপোর্টাররা যেভাবে ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করেন, এখনো সেভাবে আমরা সুরক্ষা দিতে পারিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে (দ্বিতীয় পর্ব) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর ধরে একটি সিস্টেম গড়ে উঠেছিল। […] The post ক্রাইম রিপোর্টারদের এখনো সেইভাবে সুরক্ষা দিতে পারিনি: তথ্যমন্ত্রী first appeared on Sarabangla |

ক্রাইম রিপোর্টারদের এখনো সেইভাবে সুরক্ষা দিতে পারিনি: তথ্যমন্ত্রী
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০  

ঢাকা: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, ক্রাইম রিপোর্টাররা যেভাবে ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করেন, এখনো সেভাবে আমরা সুরক্ষা দিতে পারিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে (দ্বিতীয় পর্ব) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর ধরে একটি সিস্টেম গড়ে উঠেছিল। যেভাবে ভুল সিস্টেম গড়ে উঠেছে, সেগুলো ভেঙে নতুন সবকিছু গড়ে তুলতে সময় লাগবে। খালি জায়গায় ভবন করা সহজ কিন্তু পুরাতন একটি ভবন ভেঙে নতুন করে ভবন নির্মাণ সহজ নয়।’

তিনি বলেন, ‘সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে। গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। বিশেষ করে ক্রাইম বিটের সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এবং অনেক সময় তাদের চড়া মূল্যও দিতে হয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সাংবাদিকসহ বিভিন্ন খাতে কাজ করা মানুষের জন্য এখনো পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার মতো কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি।’

দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি মাত্র ২০ দিন হলো দায়িত্বে এসেছি। আমার কতখানি করতে পারব, না পারব যেটা অবশ্যই একটা সিস্টেমের মধ্যে থেকে এখন আমাদের কাজ করতে হয়।’

তিনি বলেন, ‘আই অ্যাম ভেরি ইজিলি অ্যাক্সেসেবল। আপনারা আমাকে সবসময়ই পাবেন এবং আপনারা আমার কাছে আসতে পারবেন, আমাকে বলতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘যখন যেটা আপনাদের দরকার, যখন যেটা আপনারা প্রয়োজন মনে করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেই সমস্যার সমাধান করব এবং আমরা আপনাদের সঙ্গে আছি।’

নিজের রাজনৈতিক পটভূমির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের সমস্যাগুলো তিনি উপলব্ধি করেন। মন্ত্রণালয়ের অধীন ১৫টি বিভাগকে নিজের পরিবারের মতো উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটির প্রতি তার দায়িত্ব রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

এতে সভাপতিত্ব করেন র‍্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।

এর আগে দুপুরে একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘জুয়া ও মাদক পুরোপুরি নির্মূল করা গেলে সমাজে অধিকাংশ অপরাধ কমে আসবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে সাইবার অপরাধের ৪০ শতাংশই স্ক্যাম কেন্দ্রিক। অপরাধের এই আধুনিক ধরণ মোকাবিলায় পুলিশকে আধুনিকায়নের কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।

একইসাথে জুয়া প্রতিরোধে পুরনো আইন পরিবর্তন করে নতুন ও আধুনিক আইন প্রণয়ন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

The post ক্রাইম রিপোর্টারদের এখনো সেইভাবে সুরক্ষা দিতে পারিনি: তথ্যমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.