জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

ঢাকা: জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষায় তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে একজন বিচারিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে রাখতে বলা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ লিখিত আদেশে এ কমিটি গঠন করেন। আদালতের আদেশ […] The post জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষায় তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে একজন বিচারিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে রাখতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ লিখিত আদেশে এ কমিটি গঠন করেন।

আদালতের আদেশ অনুযায়ী, সরকারি দফতর ও আইন দ্বারা প্রতিষ্ঠিত সংস্থাগুলোতে সরকারি কর্মকর্তাদের চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন, উত্তোলন কিংবা ব্যবহার করা হচ্ছে কি না, তা তদন্ত করবে কমিটি। একই সঙ্গে এসব ব্যবহার বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ, ১৯৭২ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর নির্দেশনা ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

তদন্ত শেষে ৬০ দিনের মধ্যে কমিটিকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশে বলা হয়েছে, যেসব সরকারি কর্মচারী আইনগতভাবে জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী বা যোগ্য নন, তাদের অফিসকক্ষে চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন, ঝোলানো বা উত্তোলন করা থেকে বিরত থাকতে হবে।

এ ছাড়া জাতীয় পতাকাকে অফিসের অভ্যন্তরীণ সাজসজ্জার সামগ্রী, অলংকার কিংবা ব্যক্তিগত সরকারি ব্যাকড্রপ হিসেবেও ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৫ আগস্ট সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার বা সোফার পেছনে আইনবহির্ভূতভাবে জাতীয় পতাকা প্রদর্শন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই বেঞ্চ রুলসহ ওই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। রিটটি দায়ের করেন আইনজীবী শরিফ সরকার।

সেদিন শুনানিতে ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী আদালতকে জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি অফিসে কর্মকর্তাদের টেবিল বা চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শনের প্রবণতা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে পতাকা পেছনে রেখে কর্মকর্তারা সামনে বসছেন বা কাজ করছেন, যা জাতীয় পতাকার মর্যাদা ও বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, ‘১৯৭২ সালের পতাকা বিধিমালায় নির্দিষ্ট কিছু ব্যক্তিকে তাদের দফতর, বাসভবন ও গাড়িতে জাতীয় পতাকা ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু সরকারের অধীন বিভিন্ন দফতর, করপোরেশন ও কর্তৃপক্ষের কর্মকর্তারা নিজেদের চেয়ার বা টেবিলের পেছনে নিয়মিত পতাকা প্রদর্শনের যে চর্চা করছেন, তার সুযোগ আইনে নেই।’

আইনজীবী আরও জানান, বিধিমালা অনুযায়ী কোনো ভবনে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তা প্রদর্শন করতে হয় এবং পতাকা উড়ন্ত অবস্থায় থাকতে হয়। কিন্তু চেয়ার বা টেবিলের পেছনে বাঁকানো বা কার্ভ করে পতাকা রেখে দেওয়ার প্রচলিত পদ্ধতি সেই বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জাতীয় পতাকার যথাযথ মর্যাদা ও ব্যবহার নিশ্চিত করতেই এবার বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।

The post জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.