এআইয়ের বিকাশ ধীরগতির আহ্বানে এশিয়ার শেয়ারবাজারে বড় ধস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির লাগামহীন বিকাশ মানবজাতির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে- শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের এমন আশঙ্কাজনক বক্তব্যের পর এশিয়ার শেয়ারবাজারে এআই ও সেমিকন্ডাক্টর খাতের শেয়ারে বড় ধরনের ধস নেমেছে।
অ্যানথ্রোপিকের সিইও ডারিও আমোদেই এআই মডেলগুলোর উন্নয়ন গতি কমানোর আহ্বান জানানোর পর এক্সএআই-এর প্রধান ইলন মাস্ক এবং ওপেনএআই-এর স্যাম অল্টম্যান তাতে একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি সুরক্ষা উদ্বেগের কারণে চলতি বছরে ওপেনএআই-এর বহুল আলোচিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) না আনার অল্টম্যানের ঘোষণা বিনিয়োগকারীদের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।
সোমবার লেনদেনের শুরুতেই এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোতে প্রযুক্তি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারমূল্য দ্রুত হ্রাস পায়। জাপানে ওপেনএআই-এর অন্যতম বড় বিনিয়োগকারী সফটব্যাঙ্কের শেয়ারের দাম সর্বোচ্চ ১৩.২ শতাংশ পর্যন্ত পড়ে যায়।
একই সঙ্গে মেমোরি চিপ প্রস্তুতকারক কিওক্সিয়ার শেয়ার ৯.৮ শতাংশ এবং টোকিও ইলেকট্রনের শেয়ার ৩.৭ শতাংশ দর হারায়।
অন্যদিকে, বিশ্বজুড়ে চিপ সরবরাহে শীর্ষ স্থানে থাকা তাইওয়ানের টিএসএমসি ১.২ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স ৫.৩ শতাংশ ও স্যামসাং ইলেকট্রনিক্স ৩.৭ শতাংশ দর হারিয়ে চাপে পড়ে। এ ছাড়া চীন ও হংকংয়ের পুঁজিবাজারেও সিএক্সএমটি, এসএমআইসি ও মিনিম্যাক্সের মতো এআই ও চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারমূল্য উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
আন্তর্জাতিক এই মন্দার পেছনে প্রযুক্তি কোম্পানিগুলোর অভ্যন্তরীণ প্রতিবেদন ও গবেষকদের পদত্যাগের তথ্য বড় ভূমিকা রেখেছে। সম্প্রতি অ্যানথ্রোপিকের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে, তাদের ‘ক্লড’ এআই মডেলকে অস্ত্র তৈরি, সাইবার হামলা ও নজরদারির মতো বিপজ্জনক কাজে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির নিরাপত্তা গবেষক জেকব কক্সনের পদত্যাগ এবং চলতি দশকের মধ্যে এআই মানবজাতিকে ধ্বংস করতে পারে বলে দেওয়া বক্তব্য বাজারে চরম অস্থিরতা তৈরি করে।
এ নিয়ে মার্কিন রাজনৈতিক মহলেও নতুন কড়াকড়ি আইন চালুর জোর দাবি উঠেছে, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমালোচকদের নেতিবাচক শক্তি হিসেবে অভিহিত করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে চলতি মাসেই এআই নিরাপত্তা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





