পূর্ব-তিমুরে যাচ্ছে ওয়ালটন টিভির ১২তম চালান

পূর্ব-তিমুরে যাচ্ছে ওয়ালটন টিভির ১২তম চালান
২৩ মে, ২০২৬ ২১:৪৯  

স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে উচ্চ গুণগত মানের প্রযুক্তি পণ্য সরবরাহ করে বিশ্বব্যাপী ক্রেতাদের আস্থা অর্জন করে চলেছে বাংলাদেশি বহুজাতিক ব্র্যান্ড ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এশিয়ার উদীয়মান বাজার পূর্ব-তিমুরে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি। গত ২৬ এপ্রিল, রবিবার দেশটিতে ওয়ালটন টেলিভিশনের ১২তম চালানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ইতিমধ্যে টেলিভিশন বোঝাই কনটেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ছেড়ে পূর্ব-তিমুরের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে ২৩ মে, শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী জানান, বর্তমানে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস রপ্তানি হচ্ছে। পূর্ব-তিমুরে এই বড় চালানের মাধ্যমে বাংলাদেশের অন্যান্য প্রযুক্তি পণ্যও দ্রুত ওই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার একটি বিশাল মাইলফলক তৈরি হলো।

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার সৌরভ আক্তার জানান, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ইউরোপীয় ডিজাইন ও স্ট্যান্ডার্ড অনুসরণ করায় আন্তর্জাতিক বাজারে ওয়ালটন টিভির চাহিদা দ্রুত বাড়ছে। সময়োপযোগী বিপণন কৌশলের কারণে পূর্ব-তিমুরসহ শ্রীলঙ্কা, সোমালিয়া, ভুটান ও লিবিয়াতেও ব্র্যান্ডটির রপ্তানি বাজার সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে ওয়ালটন টেলিভিশনের সবচেয়ে বড় রপ্তানি বাজার হলো ইউরোপ। জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, ইতালি, রোমানিয়া ও নেদারল্যান্ডসসহ ইউরোপের এক ডজনেরও বেশি দেশে ওডিএম (ODM) পদ্ধতির পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ড লোগোতেই টেলিভিশন রপ্তানি হচ্ছে, যা প্রতিষ্ঠানটির মোট টিভি রপ্তানি আয়ের প্রায় ৯৫ শতাংশ।

/ডিবিটেক/এসএইচ/ইকে