১২ সেপ্টেম্বর শুরু ইনোভেশন ফেয়ার
লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি
- নভোথিয়েটারে তিন দিনের উদ্ভাবন মেলা
- থাকছে ১,০০০টির বেশি উদ্ভাবন
- বাজারমুখী উদ্ভাবনে জাতীয় প্ল্যাটফর্ম
গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিকে শিল্প এবং বাজারের সঙ্গে যুক্ত করে অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরের লক্ষ্য নিয়ে আজ ঢাকার নভোথিয়েটারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় ১,০০০টির বেশি উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি উদ্যোক্তা, গবেষক, শিল্পখাত, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে সংযোগ তৈরির সুযোগ থাকবে।
১২ সেপ্টেম্বর, শনিবার ঢাকার নভোথিয়েটারে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
‘Innovation Ecosystem toward Trillion Dollar Economy’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত মেলার মূল লক্ষ্য উদ্ভাবক, উদ্যোক্তা, গবেষক, শিল্পখাত, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সহযোগীদের একটি সমন্বিত জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত করা। এর মাধ্যমে গবেষণা ও নতুন ধারণাকে বাস্তব প্রয়োগ, উদ্যোগ এবং বাজারযোগ্য পণ্য ও সেবায় রূপান্তরের পাশাপাশি একটি শক্তিশালী Integrated National Innovation Ecosystem (INIE) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মেলায় থাকবে একটি Innovation Hub, ১,০০০টির বেশি উদ্ভাবন, ১৫টির বেশি সেশন ও সংলাপ। এতে ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়, ১০০টির বেশি শিল্পখাতের বিশেষজ্ঞ এবং ৫০টির বেশি করপোরেট প্রতিষ্ঠান অংশ নেবে।
দেশ-বিদেশের শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে উদ্ভাবকদের সংযোগ স্থাপনের পাশাপাশি B2B matchmaking এবং সবুজ রূপান্তরভিত্তিক অংশীদারত্বের সুযোগ তৈরি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আনোয়ার হোসাইন স্বাগত বক্তব্য দেবেন। বাংলাদেশের টেকসই ভবিষ্যতের জন্য উদ্ভাবন ইকোসিস্টেম বিষয়ে একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হবে।
ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে উদ্ভাবন ইকোসিস্টেম বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন বুয়েটের অধ্যাপক ও উচ্চশিক্ষা ব্যবস্থায় শিল্প-সমন্বয়বিষয়ক ইউনেস্কো চেয়ার ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার। উদ্যোক্তা-অভিজ্ঞতা তুলে ধরবেন EskeGen Ltd.-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিস সাদাফ সাজ সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তিন দিনের আয়োজনে পরিবহন ও লজিস্টিকস, যোগাযোগ অবকাঠামো, জলবায়ু সহনশীলতা, STEM শিক্ষা, সবুজ নির্মাণ, স্বাস্থ্য, গবেষণা ও উন্নয়ন, পোশাক ও টেক্সটাইল, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট কৃষি, পরিচ্ছন্ন ও বিকল্প জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন, মেধাস্বত্ব, ডিজিটাল অর্থনীতি ও ফিনটেকসহ উদ্ভাবননির্ভর অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্লেনারি, সেশন ও গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।
মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ‘Innovate to Market’ ধারণায়। অর্থাৎ উদ্ভাবনকে শুধু প্রোটোটাইপ পর্যায়ে সীমাবদ্ধ না রেখে শিল্প, বিনিয়োগ ও বাজারের সঙ্গে যুক্ত করে মানুষের ব্যবহারযোগ্য পণ্য ও সেবায় রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ মেলা বাস্তবায়ন করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। কারিগরি অংশীদার হিসেবে যুক্ত রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)।
আয়োজকদের প্রত্যাশা, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ দেশের উদ্ভাবন ও গবেষণাকে শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একই সঙ্গে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী অর্থনীতি গঠনে এ আয়োজন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
//ডিবিটেক/এমএএমপি/এসএমই/এফওইবি//





