উল্কাসেমি ও এআইইউবির যৌথ উদ্যোগে আয়োজিত চিপ ডিজাইন প্রতিযোগিতায় ২০০টিরও বেশি প্রকৌশলী দল 

১০৬টি দলের রেকর্ড অংশগ্রহণে শুরু ‘ভিএলএসআইথন ৩.০’

  • দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ১০৬টি দলের প্রায় ২১০ জন প্রতিযোগীর অংশগ্রহণ
  • সেমিকন্ডাক্টর খাতের চাহিদা বিবেচনায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে “প্লেস অ্যান্ড রাউট (পিএনআর)” ডোমেইন
  • বিজয়ী দলগুলোর জন্য মোট ২ লাখ টাকা মূল্যমানের পুরস্কার ঘোষণা

১০৬টি দলের রেকর্ড অংশগ্রহণে  শুরু ‘ভিএলএসআইথন ৩.০’
৭ আগষ্ট, ২০২৬ ১৭:০৩  
৭ আগষ্ট, ২০২৬ ১৮:৩৯  

৭ আগস্ট, শুক্রবার: শুরু হলো দেশের বৃহত্তম ভিএলএসআই ও চিপ ডিজাইন প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’। আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে আয়োজিত এক উৎসবমুখর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতাটির সূচনা করা হয়।

এবারের আসরে অংশগ্রহণের ক্ষেত্রে তৈরি হয়েছে নতুন রেকর্ড। দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১০৬টি দলের প্রায় ২১০ জন প্রতিযোগী নিবন্ধিত হয়েছেন, যা বাংলাদেশে আয়োজিত যেকোনো ভিএলএসআই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। সেমিকন্ডাক্টর শিল্পের আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় এবারের আসরে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে “প্লেস অ্যান্ড রাউট (পিএনআর)” ডোমেইন।

বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রদূত ‘উল্কাসেমি’র আয়োজনে, উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউট (ইউভিটিআই)-এর সঙ্গে যৌথভাবে এবং এআইইউবির সহায়তায় এটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উল্কাসেমির সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন উল্কাসেমির চেয়ারম্যান ডা. আরিফা চৌধুরী রহমান, এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাসুদ রিজভী এবং পিসি হেল্পলাইন বিডির প্রতিষ্ঠাতা অনন্য জামানসহ আরও অনেকে।

আয়োজন প্রসঙ্গে উল্কাসেমির সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, “১০৬টি দলের অংশগ্রহণ প্রমাণ করে যে আমাদের তরুণরা সেমিকন্ডাক্টর শিল্পের বৈশ্বিক চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি, সঠিক পৃষ্ঠপোষকতা ও নীতিগত সহায়তা পেলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাত একটি মাল্টি-বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে পারে এবং এই তরুণ প্রকৌশলীরাই হবেন তার মূল চালিকাশক্তি।”

প্রধান অতিথির বক্তব্যে এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, “আজ ভিএলএসআইথনে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ দেখে আমি আনন্দিত ও আশাবাদী। এটি প্রমাণ করে, দেশের তরুণদের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আগ্রহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধনী আয়োজনের পরপরই দিনব্যাপী বিশেষ কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে থিওরির পাশাপাশি ইডিএ (EDA) টুলস ব্যবহারের মাধ্যমে সরাসরি হাতে-কলমে প্রশিক্ষণ নেন শিক্ষার্থীরা। আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। চূড়ান্ত পর্যায়ে বিজয়ী দলগুলোর জন্য রয়েছে মোট দুই লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার।
//ডিবিটেক/ এসজেটি/ এমএসআই//