চালু হলো ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট; কেনাকাটা, চিকিৎসা ও ভ্রমণে ডলার লেনদেন সহজ
ব্যাংক-মধ্যস্থতাকারী আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন চালু করল বাংলাদেশ ব্যাংক
- আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- সাধারণ গ্রাহকদের জন্য থাকবে মাস্টার ডিভিএ-এর অধীন 'ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট'
- অনলাইনে প্রতি লেনদেনে ৩০০ ডলার পর্যন্ত পরিশোধের সুযোগ এবং বিদেশি পর্যটকদের পেমেন্ট সুবিধা
বিদেশে ভ্রমণ, চিকিৎসা, অনলাইনে পণ্য বা সেবা কেনাকাটা এবং বৈশ্বিক ব্যবসায়িক কাজে আন্তর্জাতিক পেমেন্ট বা লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ‘ব্যাংক-মধ্যস্থতাকারী আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন কাঠামো’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি যুগান্তকারী সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠিয়েছে।
নতুন এই ব্যবস্থার ফলে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর মাধ্যমে বিদেশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনলাইন পেমেন্ট গেটওয়ের সহায়তায় সরাসরি অর্থ পাঠানো ও গ্রহণ করা যাবে। নির্দেশনায় বলা হয়, আন্তর্জাতিক পেমেন্ট প্রতিষ্ঠানের সহায়তায় সাধারণ গ্রাহক বা পাসপোর্টধারীদের নামে ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট’ (ডিজিটাল ওয়ালেট) খোলার সুবিধা দেবে ব্যাংক, যা ব্যাংকের ‘মাস্টার ডিভিএ’-এর অধীনে সাব-অ্যাকাউন্ট হিসেবে পরিচালিত হবে। এতে রিয়েল-টাইম ট্র্যাকিং ও মানিলন্ডারিং প্রতিরোধ নীতিমালা শতভাগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ব্যবস্থার আওতায় বাংলাদেশি নাগরিকরা তাদের বার্ষিক পাসপোর্ট কোটার বৈদেশিক মুদ্রা এই ওয়ালেটে নিয়ে বিদেশে ব্যয় করতে পারবেন। অনলাইনে পণ্য বা সেবা কেনাকাটায় প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পরিশোধ করা যাবে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি ব্যয়, সদস্যপদ ফি, ভিসা প্রসেসিং ও হোটেল বুকিংয়ে প্রকৃত চাহিদার ভিত্তিতে অর্থ পাঠানো যাবে। অপরদিকে, বাংলাদেশে আগত বিদেশি পর্যটকরাও স্থানীয় মার্চেন্ট পয়েন্টে স্বাচ্ছন্দ্যে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। আগ্রহী ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পূর্বানুমতি নিয়ে এই সেবা চালু করতে হবে।
//ডিবিটেক/ পিআর/ এমএসআই//





