সকল অ্যাকাউন্টের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ফোন নাম্বার যুক্ত করছে গুগল
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও গোপনীয়তা সংশ্লিষ্ট তথ্য প্রকাশ পেয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে অ্যান্ড্রয়েড ফোনগুলো ডিভাইসে থাকা সিম কার্ডের ফোন নাম্বারটি স্বয়ংক্রিয়ভাবে সেই ডিভাইসে লগইন করা সমস্ত গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত বা লিঙ্ক করে দিচ্ছে।
গুগলের সহায়তা বিষয়ক নথিপত্র অনুযায়ী, ফোন সেটআপের সময় নাম্বারটি স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয় এবং কাজের বা সেকেন্ডারি অ্যাকাউন্টসহ প্রতিটি অ্যাকাউন্টের সঙ্গে এটি যুক্ত হয়ে যায়।
অ্যাকাউন্ট পুনরুদ্ধার (রিকভারি), উন্নত মেসেজিং এবং আরসিএস ফিচারের জন্য এই যাচাইকরণ প্রক্রিয়া কার্যকর বলে দাবি করেছে গুগল।
যেভাবে কাজ করে এবং কোন কোন সুবিধা যুক্ত হয়
গুগলের এই স্বয়ংক্রিয় লিংকিংয়ের মাধ্যমে ব্যবহারকারী নতুন কোনো অ্যাকাউন্ট যোগ করলেও তাতে স্বয়ংক্রিয়ভাবে ফোনের নম্বর যুক্ত হয়ে যায়। এমনকি সিম কার্ড পরিবর্তন করলেও নতুন নম্বরটি সব অ্যাকাউন্টে আপডেট হয়ে যায়।
এই যাচাইকরণের ফলে গুগল মেসেজেস, ভিডিও কল, দ্রুত ডিভাইস খোঁজা, ইমার্জেন্সি লোকেশন সার্ভিস এবং কুইক শেয়ারের মতো ফিচারগুলো সঠিকভাবে কাজ করতে পারে। এ ছাড়া, মোবাইল নম্বর দিয়ে সহজে লগইন করা এবং গুগল সেবায় আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শনের কাজেও এই নম্বর ব্যবহৃত হয়। তবে এই প্রক্রিয়াটি নিয়ে ব্যবহারকারীদের একাংশের মধ্যে গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নাম্বার লিংকিং বন্ধ করার উপায় ও প্রভাব
ব্যবহারকারীরা চাইলে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস থেকে এই স্বয়ংক্রিয় যাচাইকরণ বন্ধ করতে পারেন। এর জন্য ফোনের Settings > Google > All services বা Google services and preferences-এ গিয়ে Privacy & security-এর অধীনে Phone number verification অপশন থেকে Verify phone numbers automatically বন্ধ করতে হবে।
তবে এটি বন্ধ করলে গুগল মেসেজেসে এনক্রিপ্টেড আরসিএস চ্যাট বন্ধ হয়ে সাধারণ এসএমএস-এ ফিরে যেতে পারে এবং অ্যাকাউন্ট রিকভারির ক্ষেত্রে সমস্যা হতে পারে।
ইতিমধ্যে যেসব নম্বর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেগুলো ম্যানুয়ালি প্রতিটি অ্যাকাউন্টের Personal info > Phone সেটিংসে গিয়ে সরাতে হবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





