দুর্যোগের সময় ভুল তথ্য মোকাবিলা এবং সচেতনতা বৃদ্ধিতে প্ল্যাটফর্মটির উদ্যোগ

বন্যা পরিস্থিতি নিশ্চিতে টিকটকের সার্চ গাইড চালু

  • টিকটক বাংলাদেশে বন্যা সংক্রান্ত সঠিক তথ্য দিতে সার্চ গাইড চালু করেছে
  • প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের যুক্ত করা হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সাথে
  • মর্মান্তিক ঘটনার দায়িত্বশীল কনটেন্ট শেয়ার ও ট্র্যাজিক ইভেন্ট সাপোর্ট গাইড সুবিধা রাখা হয়েছে

বন্যা পরিস্থিতি নিশ্চিতে টিকটকের সার্চ গাইড চালু
২৬ জুলাই, ২০২৬ ১৩:২৬  

নিরাপদ এবং তথ্যভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে বন্যার সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পৌঁছাতে একটি নতুন সার্চ গাইড চালু করেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। এই গাইডটির মাধ্যমে প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা বর্ষাকালে বন্যার অবস্থা সম্পর্কে জানতে পারবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ছড়ানো ভুল তথ্য ও গুজব মোকাবিলা করতেও সহায়তা করবে এই উদ্যোগ।

২৬ জুলাই, রবিবার টিকটক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই নতুন সার্চ ফিচার যুক্ত করার বিষয়টি নিশ্চিত করে। এর ফলে প্ল্যাটফর্মে বন্যা সম্পর্কিত কিছু সন্ধান করলে ব্যবহারকারীরা সরাসরি জরুরি তথ্যের মুখোমুখি হবেন।

নতুন ফিচারটির ফলে টিকটকে বন্যা সম্পর্কিত যেকোনো বিষয় অনুসন্ধান করলে একটি ব্যানার ভেসে উঠবে, যা ব্যবহারকারীদের নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার নির্দেশ দেবে। এই গাইডটি ব্যবহারকারীদের সরাসরি বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডাব্লিউসি)-র মতো বিশ্বস্ত সংস্থার সঙ্গে যুক্ত করবে। একইসঙ্গে এতে প্লাটফর্মটির ‘সেফটি সেন্টার’ এবং মানসিক সহায়তার জন্য ‘ট্র্যাজিক ইভেন্ট সাপোর্ট গাইড’-এর সংযোগও যুক্ত করা হয়েছে।

নতুন এই গাইডে প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কিংবা কোনো ব্যক্তিগত ক্ষতির মতো বিষয়গুলোকে কীভাবে দায়িত্বশীলতার সাথে প্ল্যাটফর্মে শেয়ার করা বা রিপোর্ট করা উচিত, তা সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে।

এ বিষয়ে টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, "জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা সরাসরি দুর্যোগ মোকাবিলায় কাজ করেন, তাদের সহযোগিতায় আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের ব্যবহারকারীদের কাছে আরও সহজে ও স্পষ্টভাবে তুলে ধরছি। এতে সবাই সচেতন হতে পারবে এবং নিজেদের নিরাপদ রাখতে পারবে।" 

ডিজিটাল মাধ্যমকে নিরাপদ ও তথ্যনির্ভর রাখতে সেফটি সেন্টারের মাধ্যমে ব্যবহারকারীদের সচেতনতা বাড়াতে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/ কেবি/ইডিপি//